পহেলগাঁও হামলা – সন্ত্রাসবাদীদের ক্ষমা নয়, সেনার ভূমিকা নিয়েও প্রশ্ন মমতার

কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কঠোর ভাষায় বলেছেন, “সন্ত্রাসবাদীদের কোনও জাত হয় না, এদের ক্ষমা করা যায় না।” বুধবার অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোসকে দেখতে যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী এই হামলার নিন্দা জানান এবং নিহত বাংলার তিন পর্যটকের প্রতি শোক জ্ঞাপন করেন। তিনি নিশ্চিত করেন যে, নিহতদের দেহ দ্রুত আকাশপথে রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে এবং এই বিষয়টি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস তত্ত্বাবধান করছেন।
তবে হামলার ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ভারতীয় সেনার ভূমিকা এবং প্রতিক্রিয়ায় বিলম্ব নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, “বেছে বেছে ওরা হত্যা করেছে। কিন্তু ওখানে তো অনেক আর্মি ছিল, সীমান্ত এলাকা তো এমনিতেই সেনসেটিভ…।” যদিও এখনই বিশদে কিছু বলতে চান না বলেও জানান তিনি। কিন্তু যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান মুখ্যমন্ত্রী। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন যে, রাজ্যে কোনও প্রকার জঙ্গি কার্যকলাপ বরদাস্ত করা হবে না। একই সঙ্গে এই ঘটনা সম্পর্কিত সমস্ত তথ্য স্বচ্ছভাবে জানানোর দাবিও তোলেন তিনি।
অন্যদিকে, পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে মন্ত্রিসভার বৈঠকেও সতর্কতা অবলম্বন করতে দেখা গেছে মুখ্যমন্ত্রীকে। নবান্নে অনুষ্ঠিত বৈঠকে তিনি মন্ত্রী সদস্যদের উদ্দেশে স্পষ্ট বার্তা দেন যে, এটি অত্যন্ত স্পর্শকাতর ও সংবেদনশীল বিষয়। তাই আবেগের বশে বা অন্য কোনোভাবে কেউ যেন এ বিষয়ে কোনো বেফাঁস মন্তব্য না করেন। এই ইস্যুতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী, যা রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।