ছেলের বয়স মাত্র আড়াই, রোজ বায়ুকে বই পড়ান সোনম! কতক্ষণ ক্লাস করান নায়িকা?

অভিনয় ছাড়াও বইয়ের প্রতি বলিউড অভিনেত্রী সোনম কাপুরের রয়েছে গভীর ভালোবাসা। কাজের ফাঁকে একটু সময় পেলেই তিনি বই হাতে তুলে নেন। কেন বই পড়তে এত ভালোবাসেন, কীভাবে তাঁর এই অভ্যাস গড়ে উঠলো এবং ছেলের মধ্যেও তিনি কীভাবে এই অভ্যাস তৈরি করার চেষ্টা করছেন – এসব বিষয় নিয়ে সম্প্রতি খোলাখুলি কথা বলেছেন এই ‘বইপোকা’ অভিনেত্রী।

বইয়ের প্রতি তাঁর ভালোবাসার কথা বলতে গিয়ে সোনম কাপুর বলেন, “বই হলো আমাদের সব থেকে ভালো বন্ধু। প্রতিদিন বই পড়লে যেমন কল্পনা শক্তি গড়ে ওঠে, তেমনই মনের একঘেয়েমি বা মৌলিকতা দূর হয়। বই পড়ার অভ্যাস গড়ে উঠলে আপনার মন অনেক শান্ত হয়ে যায় এবং আপনি একজন চিন্তাশীল ভালো মানুষ হয়ে ওঠেন।” তাঁর কাছে বই পড়ার সময়টা হলো স্বর্গ। জীবনে আনন্দ বা মানসিক উদ্বেগ, যে কোনো পরিস্থিতিতে বই সব সময় তাঁর সঙ্গী হয়েছে।

সোনম জানান, বইয়ের প্রতি তাঁর এই ভালোবাসা তৈরি হয়েছে মায়ের কাছ থেকে। তাঁর মা সুনিতা কাপুর নিজেও ভীষণ বই ভালোবাসেন এবং নিয়মিত বই পড়েন। ছোটবেলা থেকেই মাকে দেখে সোনমের মধ্যেও বই পড়ার আগ্রহ জন্মায়। তবে শুধু মা নন, বাবা অনিল কাপুরও বই পড়তে ভীষণ ভালোবাসেন, তবে তিনি আত্মজীবনীমূলক বই বেশি পছন্দ করেন। বাবা-মা দু’জনের এই অভ্যাস দেখেই সোনম এবং তাঁর ভাইবোন রিয়া ও হর্ষবর্ধনের মধ্যে বই পড়ার প্রবণতা তৈরি হয়েছিল।

পারিবারিক এই মূল্যবান অভ্যাসটি এবার নিজের সন্তানের মধ্যেও তৈরি করার চেষ্টা করছেন সোনম। ছেলেকে নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, “আমাদের পারিবারিক রুটিনের একটি অংশ হলো বই পড়া। আমি প্রত্যেকদিন কমপক্ষে দেড় ঘণ্টা আমার ছেলের সঙ্গে বই পড়ি। কল্পকাহিনী, নন-ফিকশন, ছবির বই – বিভিন্ন ধরনের ছোটদের বই নিয়ে আমরা একসঙ্গে সময় কাটাই।” তিনি বিশ্বাস করেন, বাচ্চারা যখন দেখে যে বাবা-মা বই পড়ছে, তখন তাদের মধ্যেও বই নিয়ে আগ্রহ তৈরি হয়, বইয়ের প্রতি ভালোবাসা জন্মায়। এভাবেই তিনি তাঁর ছেলের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার চেষ্টা করছেন।