সৌদি আরবের আকাশসীমায় মোদীকে বিশেষ অভ্যর্থনা, জেড্ডায় স্বাগত জানিয়ে নৃত্য পরিবেশন প্রবাসী মহিলাদের

নির্ধারিত ২ দিনের সফরে মঙ্গলবার সৌদি আরবে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তাঁকে অভূতপূর্ব এবং বিশেষ অভ্যর্থনা জানানো হয়। প্রধানমন্ত্রীর বিমান যখন সৌদি আরবের আকাশসীমায় প্রবেশ করে, তখনই সৌদির বায়ুসেনার বেশ কয়েকটি এফ-১৫ যুদ্ধবিমান তাঁর বিমানকে এসকর্ট করে অভ্যর্থনা জানায়, যা ছিল এক বিশেষ সম্মান প্রদর্শনের অঙ্গ। এরপর জেড্ডায় পা রাখার পর সেখানকার প্রবাসী ভারতীয়রাও গান ও নাচের মাধ্যমে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি নরেন্দ্র মোদীর তৃতীয় সৌদি আরব সফর। এর আগে তিনি ২০১৬ এবং ২০১৯ সালে সৌদি আরবে গিয়েছিলেন। তবে এই প্রথমবার তিনি জেড্ডা শহরে পা রাখলেন। প্রায় ৪০ বছর পর ভারতের কোনো প্রধানমন্ত্রী হিসেবে জেড্ডায় গিয়ে তিনি এক ঐতিহাসিক মুহূর্তের সৃষ্টি করেন। সেখানে তাঁকে ২১টি গান স্যালুট দিয়ে বিশেষভাবে স্বাগত জানানো হয়।

জেড্ডায় প্রবাসী ভারতীয়দের সঙ্গে প্রধানমন্ত্রীকে খোশমেজাজেই দেখা যায়। প্রবাসী ভারতীয়রা তাঁকে গান গেয়েও স্বাগত জানান, বিশেষ করে ‘রাজি’ সিনেমার জনপ্রিয় ‘এ ওয়াতন’ গানটি তাঁরা পরিবেশন করেন। এছাড়াও প্রবাসী ভারতীয় মহিলারা তাঁর সামনে নৃত্য পরিবেশন করে তাঁদের আনন্দ ও ভালোবাসা প্রকাশ করেন।

সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমনের আমন্ত্রণে দু’দিনের সফরে প্রধানমন্ত্রী মোদী সেখানে গিয়েছিলেন। তবে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর ভয়াবহ জঙ্গি হামলার খবর পাওয়ার পরই তিনি তাঁর সফর কাটছাঁট করে দ্রুত দেশে ফেরার সিদ্ধান্ত নেন। বুধবার সকালে তাঁর বিমান নয়াদিল্লি বিমানবন্দরে অবতরণ করে। সংক্ষিপ্ত হলেও সৌদি আরবে প্রধানমন্ত্রীর এই সফর এবং সেখানে তাঁর পাওয়া উষ্ণ অভ্যর্থনা দুই দেশের সম্পর্কের গভীরতাকেই তুলে ধরে।