‘আমার নামেও মন্দির চাই’, মন্তব্য করে পুরোহিতদের রোষানলে উর্বশী রাউতেলা

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা যেন মন্দির বিতর্ক থেকে পিছু ছাড়তে পারছেন না। সম্প্রতি তাঁর একটি মন্তব্য ঘিরে নতুন করে শোরগোল শুরু হয়েছে। উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধামের পাশেই নাকি তাঁর নামে একটি মন্দির রয়েছে বলে তিনি দাবি করেছেন এবং দক্ষিণ ভারতেও একই রকম একটি মন্দির চান বলে মন্তব্য করেছেন। উর্বশীর এই মন্তব্যের পরেই বিভিন্ন মহলে বিতর্ক শুরু হয়েছে, বিশেষ করে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন পুরোহিতরা।

প্রসঙ্গত, সম্প্রতি এক সাক্ষাৎকারে উর্বশীকে বলতে শোনা গিয়েছিল, উত্তরাখণ্ডে তাঁর নামে একটি মন্দির রয়েছে। বদ্রীনাথ ধামের পাশেই রয়েছে ওই ‘উর্বশী মন্দির’। তাঁকে যখন প্রশ্ন করা হয়, সেখানে কি দর্শনার্থীরা প্রার্থনা করতে যান? উত্তরে হেসে উর্বশী বলেন, ‘মন্দিরে তো প্রার্থনাই করবে’। শুধু তাই নয়, তিনি এও বলেন, দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তাঁর ছবিতে মালা পরায়। তাদের কাছে তিনি ‘দামদামি মাঈ’ নামে জনপ্রিয়।

উর্বশীর এই ধরনের মন্তব্যের পরেই ক্ষিপ্ত হয়ে উঠেছেন উত্তরাখণ্ডের পুরোহিত সংগঠনগুলি। চার ধাম তীর্থ পুরোহিত মহাপঞ্চায়েত এবং ব্রহ্ম কপাল তীর্থ পুরোহিত পঞ্চায়েত সমিতি উর্বশীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানিয়ে তাঁর ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। শুধু তাই নয়, তাঁরা উত্তরাখণ্ডের ডিজিপির কাছে স্মারকলিপি জমা দিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছেন।

জানা যাচ্ছে, শনিবার দেহরাদুন থানায় ডিজিপির কাছে জমা দেওয়া দুটি পৃথক স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে যে, উর্বশী রাউতেলা বদ্রীনাথ মন্দিরের কাছে অবস্থিত উর্বশী মন্দির নিয়ে একটি মিথ্যে বক্তব্য দিয়েছেন। স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে যে, উর্বশী মন্দিরটি তাঁর নামে নামকরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি এবং সেই সঙ্গে আরো বলেছেন যে দক্ষিণ ভারতেও একই নামে একটি মন্দির স্থাপন করা উচিত। স্মারকলিপিতে আরও বলা হয়েছে, অভিনেত্রীর এই মন্তব্য সনাতন ধর্ম এবং দেবী উর্বশীর মহিমায় বিশ্বাসীদের অনুভূতিতে আঘাত করেছে। বিষয়টির দ্রুত নিষ্পত্তি চেয়ে পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে।

চারধাম তীর্থ পুরোহিত মহাপঞ্চায়েতের সাধারণ সম্পাদক সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন। তিনি বলেন, “উর্বশী নিজেও উত্তরাখণ্ডের বাসিন্দা। তাঁর এ বিষয়ে সম্যক ধারণা থাকা উচিত। কিন্তু তিনি সস্তার প্রচার করতে গিয়েই এই ধরণের বিবৃতি দিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের ধর্মীয় বিশ্বাস এবং মূল্যবোধ সম্পর্কে সতর্ক হতে হবে তাঁকে।” এমনকি তিনি এও বলেছেন, পুলিশ যদি ব্যবস্থা না নিতে পারে তাহলে দুই সংগঠন একজোট হয়ে পদক্ষেপ করার কথা চিন্তা করবে।

অন্যদিকে, এই বিতর্কের পর উর্বশী নিজে ক্ষমা তো চাননিই, উলটে তাঁর টিমের তরফে সাফাই দিয়ে বিবৃতি জারি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, উর্বশী নাকি আদৌ এমন কোনো দাবি করেননি। উপরন্তু, পুরো বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

সব মিলিয়ে, উর্বশী রাউতেলার একটি মন্তব্য ঘিরে ধর্মীয় ও সামাজিক মহলে যে বিতর্ক শুরু হয়েছে, তা আপাতত সহজে মিটছে না বলেই মনে হচ্ছে।