বিশ্বজুড়ে ৩০ কোটির ব্যবসা করল ‘কেশরী চ্যাপ্টার ২’, ছাপিয়ে গেল ‘ইমার্জেন্সি’-র আয়

১৯১৯ সালের জালিয়ানওয়ালা বাগ হত্যা কাণ্ডের অজানা তথ্যের উপর নির্মিত ছবি ‘কেশরী চ্যাপ্টার ২’ মুক্তির পর বক্স অফিসে বেশ ভালোই প্রভাব ফেলছে। অক্ষয় কুমার অভিনীত এই ছবিটি সমালোচক এবং দর্শকদের কাছ থেকে মোটের উপর বেশ ভালোই প্রতিক্রিয়া পেয়েছে। এরই মধ্যে প্রশ্ন উঠেছে, মুক্তির পর প্রথম দুই দিনে বিশ্বজুড়ে কত আয় করল ছবিটি?

সচনিল্কের তরফে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, ‘কেশরী চ্যাপ্টার ২’ ভারতীয় বক্স অফিসে প্রথম দুই দিনে মোট ১৭ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করেছে। অন্যদিকে এই সংস্থার রিপোর্টেই জানানো হয়েছে ভারতের বাইরে দুই দিনে ১ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৯ কোটি টাকার মতো ব্যবসা করেছে ছবিটি। ফলে ভারত এবং দেশের বাইরের মোট ব্যবসার অঙ্ক মিলিয়ে দুই দিনে ‘কেশরী চ্যাপ্টার ২’ ৩০ কোটি টাকা আয় করেছে। প্রথম দুই দিনে বক্স অফিসে ছবিটি যেভাবে প্রভাব দেখাচ্ছে, তাতে মনে করা হচ্ছে এই সপ্তাহের শেষেই এটি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করে যাবে।

প্রসঙ্গত, চলতি বছরে এখনও পর্যন্ত যতগুলো হিন্দি ছবি মুক্তি পেয়েছে, দুই দিনের মাথায় ব্যবসার নিরিখে সেগুলোর মধ্যে সাত নম্বরে আছে ‘কেশরী চ্যাপ্টার ২’। এটি মাত্র দুই দিনেই কঙ্গনা রানাওয়াতের ‘ইমার্জেন্সি’ এবং সোনু সুদের ‘ফতেহ’ ছবিটির লাইফটাইম আয় ছাপিয়ে গেছে। জন আব্রাহামের ‘ডিপ্লোম্যাট’ এবং শাহিদ কাপুরের ‘দেবা’-কেও ছবিটি সোমবার ছাপিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। যদি এই দাপট বজায় রাখে ‘কেশরী চ্যাপ্টার ২’, তবে এটি ‘জাট’ ছবিটির বক্স অফিসে কালেকশনকেও ছাপিয়ে যেতে পারে। তবে এই বছরের অন্যতম সফল ছবি ‘সিকান্দর’ বা ‘ছাবার’-এর বক্স অফিসে কালেকশনকে পিছনে ফেলা অক্ষয়ের ছবির ক্ষেত্রে একটু কঠিন হবে।

‘কেশরী চ্যাপ্টার ২’ ছবিটিতে মুখ্য ভূমিকায় আছেন অক্ষয় কুমার, আর মাধবন, অনন্যা পান্ডে। এটি চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি ছিল। ছবিটিতে ১৯১৯ সালে ঘটে যাওয়া জালিওয়ানওয়ালা বাগ হত্যা কাণ্ডের অজানা ঘটনার কথা উঠে এসেছে। এই ছবিটির পরিচালনা করেছেন করণ সিং ত্যাগী, যিনি এই ঐতিহাসিক কোর্টরুম ড্রামার হাত ধরে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন। ছবিটি প্রযোজনা করেছে ধর্মা প্রোডাকশন, লিও মিডিয়া কালেকটিভ এবং কেপ অব গুড ফিল্মস। মুক্তি পাওয়ার পর এই ছবিটি সমালোচক ও দর্শকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।