বোরখার নীচে মদ লুকিয়ে পাচারের চেষ্টা, হাতে নাতে গ্রেফতার হলেন মহিলা

বিহারে মদ নিষিদ্ধ হলেও, চোরাচালানকারীরা নিত্যনতুন ফন্দি আঁটছে। এবার বাংলার সীমান্তবর্তী জেলায় ট্রেনে করে মদ পাচারের অভিনব চেষ্টা ভেস্তে দিল আবগারি বিভাগ। বোরখা পরে মুসলিম যাত্রী সেজে শরীরে সেলোটেপ দিয়ে রঙিন জলের প্যাকেট আটকে পাচারের সময় এক মহিলাকে আটক করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গ-বিহার সীমান্তবর্তী এলাকা কুমেদপুরে। গোপন সূত্রে খবর পেয়ে আবগারি বিভাগের কর্মীরা আগে থেকেই প্রস্তুত ছিলেন। কাটিহারের মনিয়া স্টেশনের কাছে সন্ধ্যা দেবী নামে ওই মহিলাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত মহিলা বোরখা পরে মুসলিম যাত্রী সেজে ট্রেনে উঠেছিলেন।
মহিলা কনস্টেবল তল্লাশি চালাতেই আঁতকে ওঠেন। ধৃত মহিলার শরীরে শাড়ির উপর সেলোটেপ দিয়ে একের পর এক রঙিন জলের টেট্রাপ্যাক আটকানো ছিল। তার উপর বোরখা পরায় প্রথম দেখায় সন্দেহ করা কঠিন ছিল। তবে আবগারি দফতরের তৎপরতায় শেষ রক্ষা হয়নি।
তদন্তকারীরা জানিয়েছেন, ধৃত সন্ধ্যা দেবী মঞ্জোলি গ্রামের বাসিন্দা এবং তিনি রঙিন জলের প্যাকেট পাচারের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন। এই রঙিন জলের প্যাকেটগুলির মধ্যে আসলে মদ ছিল বলে সন্দেহ করা হচ্ছে।
আবগারি দফতর সন্ধ্যা দেবীকে গ্রেফতার করে এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। মদের উৎস এবং কোথায় এই মদ পাচার করা হচ্ছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। বিহারে মদ নিষিদ্ধ হওয়ার পর চোরাচালানের এই নতুন কৌশল সামনে আসায় আবগারি বিভাগ আরও সতর্ক হয়েছে।