“ভালোবাসার নিজস্ব সময় ও ছন্দ রয়েছে”- দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানালেন অভিষেক

কুমারত্ব ঘুচিয়ে শুক্রবার বিজেপির নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আর এই খবরে বঙ্গ রাজনীতিতে দেখা গেল এক বিরল সৌজন্যের ছবি। বিয়ের দিনেই দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা ও ফুলের তোড়া পাঠিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দিলীপ ঘোষ এবং তাঁর স্ত্রীকে শুভেচ্ছা জানালেন।
এক্স হ্যান্ডলে (পূর্বের টুইটার) একটি পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারকে তাঁদের সুন্দর শুরুর জন্য আন্তরিক অভিনন্দন। ভালোবাসার নিজস্ব সময় ও ছন্দ রয়েছে। আপনাদের এক হওয়া সেই সত্যের একটি সুন্দর প্রমাণ। জীবনের এই নতুন অধ্যায়ে আপনাদের দুজনের জীবনে হাসি, শান্তি এবং একে অপরের সাহচর্য কামনা করছি।”
রাজনৈতিক মহলের একাংশের মতে, বঙ্গ রাজনীতির অন্যতম বৈশিষ্ট্য হল সৌজন্য বিনিময়। আর দিলীপ ঘোষের বিয়েতে সেই সৌজন্যের প্রতিফলন দেখা গেল। রাজনীতির ময়দানে একাধিকবার দিলীপ ঘোষের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাল্টা সরব হয়েছেন বিজেপি নেতাও। কিন্তু রাজনৈতিক উত্তাপ ব্যক্তিগত খুশির মুহূর্তে সৌজন্য বিনিময়ের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াল না। ওয়াকিবহাল মহলের মতে, এটাই বঙ্গ রাজনীতির সৌন্দর্য।
দিলীপ ঘোষের বিয়েতে বিজেপি নেতা সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়-সহ দলের আরও অনেককে দেখা গেলেও, গেরুয়া শিবিরের এক শীর্ষ নেতার অনুপস্থিতি নিয়ে রাজ্য রাজনীতিতে চর্চা চলছে। তবে, তৃণমূল শিবিরের বহু রাজনীতিকের তরফে শুভেচ্ছা পেয়েছেন দিলীপ ঘোষ। এই তালিকায় অনুব্রত মণ্ডল, কুণাল ঘোষ-সহ আরও অনেকে রয়েছেন।