সমুদ্র পছন্দ রিঙ্কুর, দিলীপের পছন্দ পাহাড়! কোথায় হানিমুনে যাবেন নব্য বিবাহিত জুটি?

শুক্রবার দিলীপ ঘোষের বিয়ের চমক এখনও টাটকা। বিজেপির চিরকুমার নেতা রিঙ্কু মজুমদারের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন। বিয়ের মেনু, ভেন্যু নিয়ে ইতিমধ্যেই নানা খবর সামনে এসেছে। কিন্তু হানিমুন কোথায়? এই প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছিল। অবশেষে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার নিজেই জানালেন তাঁদের হানিমুনের পরিকল্পনার কথা।

নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে রিঙ্কু বলেন, “আমাদের এই বয়সে আর ব্যক্তিগত কী থাকতে পারে। মাঝে মাঝে আউটিংয়ে যাওয়া। আর উনি তো বলেই দিয়েছেন, তুমি এগুলো আশা করবে না, আমি তোমাকে নিয়ে শপিংয়ে যাব, আমি তোমাকে নিয়ে ফুচকা খেতে যাব। আমি বলেছি না না ঠিক আছে…”

রিঙ্কু জানান, তাঁর পছন্দের জায়গা সমুদ্র সৈকত। তবে দিলীপের ব্যস্ত কর্মসূচির কথা মাথায় রেখে আপাতত পাহাড়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। “আমার একটু নিড়িবিলি জায়গা বেশি পছন্দ। এমনিতেই তো উনি যেখানে যান, সেখানে ভিড় জমে যায়। দেখা যাক। এখন হয়তো কোনো হিল স্টেশনে যাওয়া হবে। বিচে নাও যাওয়া হতে পারে,” বলেন রিঙ্কু।

হানিমুনের জায়গার নাম জানতে চাইলে খানিকটা লজ্জা পান রিঙ্কু। তবে তিনি জানান, শিমলা বা গোয়া নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।

দিলীপ ও রিঙ্কুর প্রেমের শুরু প্রাতঃভ্রমণে। রিঙ্কুই প্রথম বিয়ের প্রস্তাব দেন। মায়ের ইচ্ছাপূরণ করতেই শেষ পর্যন্ত রাজি হন দিলীপ। দিলীপের অসুস্থ মায়ের খেয়াল রাখার জন্য একজন সঙ্গী প্রয়োজন ছিল।

রিঙ্কু বিজেপি মহিলা মোর্চার সক্রিয় কর্মী। তাঁর ২৫ বছর বয়সী এক ছেলে রয়েছে, যে একটি আইটি সংস্থায় কর্মরত। মায়ের দ্বিতীয় বিয়েতে তিনি উপস্থিত ছিলেন না। অফিস থেকে চারদিনের ছুটি নিয়ে তিনি এখন ছুটিতে রয়েছেন।