BigNews: হিন্দু নেতাকে অপহরণ করে পিটিয়ে খুন, ভয়ানক কান্ড বাংলাদেশে

বাংলাদেশে দিনাজপুর জেলায় ফের এক হিন্দু নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠেছে। নিহত ভবেশচন্দ্র রায় (৫৮) বিরল শাখার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ছিলেন এবং বাসুদেবপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদন অনুযায়ী, নিহত ভবেশচন্দ্রের স্ত্রী জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় তাঁর স্বামীকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করেন। এর আধ ঘণ্টা পর দুটি মোটরসাইকেলে চারজন লোক তাঁদের বাড়িতে আসে এবং ভবেশচন্দ্রকে তুলে নিয়ে যায়। অভিযোগ উঠেছে, এরপর তাঁকে নারাবাড়ি গ্রামে নিয়ে গিয়ে মারধর করা হয়।
গুরুতর আহত ও অচেতন অবস্থায় ভবেশচন্দ্রকে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে দিনাজপুরের একটি হাসপাতালে নিয়ে যান। তবে, হাসপাতালে পৌঁছানোর পরই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ভবেশচন্দ্রের পরিবার ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাবদুর জানিয়েছেন, এই ঘটনায় একটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে এবং শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে।
এদিকে, এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন পশ্চিমবঙ্গের হিংসার ঘটনা নিয়ে বাংলাদেশের দেওয়া বিবৃতির বিরোধিতা করেছে ভারত। নয়াদিল্লি পাল্টা বার্তায় বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দিকে নজর দেওয়ার কথা বলেছে। এই প্রেক্ষাপটে উত্তরবঙ্গে হিন্দু নেতার রহস্যমৃত্যুর ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষজন অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।