“নাগরিকত্ব নিয়ে উঠছে প্রশ্ন”-পাকিস্তানে বড় বিপদে নীল চোখের বিখ্যাত সেই ‘চা ওয়ালা’

নেট দুনিয়ায় ঝড় তোলা সেই বিখ্যাত ‘নীল চোখের চা ওয়ালা’ আরশাদ খান এখন ঘোর বিপাকে পড়েছেন। বিশ্বজুড়ে পাকিস্তানি হিসেবে পরিচিত হলেও, পাকিস্তান সরকার তাঁকে তাদের নাগরিক হিসেবে মানতে নারাজ। এরই মধ্যে তাঁর জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট জব্দ করা হয়েছে। এগুলো ফেরত পেতে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন এবং বর্তমানে ব্যাপক আইনি জটিলতায় জর্জরিত।

সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন শুক্রবার (১৮ এপ্রিল) এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট জব্দের বিরুদ্ধে আরশাদ খানের দায়ের করা পিটিশনের শুনানি গত বুধবার হাইকোর্টের রাওয়ালপিণ্ডি বেঞ্চে অনুষ্ঠিত হয়েছে।

ওইদিনের শুনানিতে পাকিস্তানের সহযোগী অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি এবং দেশটির জাতীয় ডাটাবেজ এবং রেজিস্ট্রেশন অথরিটি (নাদ্রা) আদালতের কাছে একটি লিখিত রিপোর্ট পেশ করে। রিপোর্টে তারা উল্লেখ করে, পাকিস্তানের দুটি প্রধান গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এবং ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) আরশাদ খানকে নিয়ে বিস্তারিত তদন্ত করেছে। উভয় সংস্থাই নিশ্চিত করেছে যে আরশাদ খান আসলে আফগানিস্তানের নাগরিক। তাঁর জন্ম ও বেড়ে ওঠা আফগানিস্তানেই এবং পাকিস্তানের নাগরিকত্ব লাভের কোনো বৈধ ভিত্তি তাঁর নেই।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আরশাদ খানকে তাঁর নাগরিকত্ব প্রমাণ করার জন্য জন্মস্থান, বসবাসের ঠিকানা এবং ১৯৭৮ সালের আগে পাকিস্তানে তাঁর বা তাঁর পরিবারের সম্পদের তথ্য জমা দিতে বলা হয়েছিল। তবে তিনি এর কোনোটিই সরবরাহ করতে পারেননি। ফলস্বরূপ, তাঁকে পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরশাদ খানের আইনজীবী ওই দুটি গোয়েন্দা সংস্থার তদন্ত প্রতিবেদন পাওয়ার জন্য আদালতের কাছে অনুরোধ জানালে, আদালত তা মঞ্জুর করেন। আদালত আগামী ২২ এপ্রিল এই বিষয়ে চূড়ান্ত শুনানির দিন ধার্য করেছেন। এখন দেখার বিষয়, ভাইরাল হওয়া এই ‘চা ওয়ালা’ শেষ পর্যন্ত তাঁর নাগরিকত্ব প্রমাণ করতে পারেন কিনা।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন