AI -দিয়েই হোয়াটসঅ্যাপ স্টিকারও বানানো যাবে, জেনেনিন বানানোর পদ্ধতি?

অ্যানিমেশন ছবি তৈরির জন্য ইতিমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে এআই-ভিত্তিক বিভিন্ন বট। এবার সেই তালিকায় নতুন সংযোজন— হোয়াটসঅ্যাপের জন্য কাস্টমাইজড স্টিকার তৈরির সুবিধা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) মাধ্যমে এখন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরাও নিজেদের পছন্দসই স্টিকার তৈরি করতে পারবেন।

অনেকেই হয়তো জানেন না, ওপেনএআই-এর তৈরি চ্যাটজিপিটিতে স্বচ্ছ ব্যাকগ্রাউন্ডযুক্ত (ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড) স্টিকার তৈরির ক্ষমতা রয়েছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এই স্টিকারগুলি হোয়াটসঅ্যাপের পাশাপাশি আইমেসেজেও ব্যবহার করা যাবে।

হোয়াটসঅ্যাপের অফিসিয়াল ব্লগ পোস্ট থেকে জানা গেছে, এই নতুন এআই টুল স্টিকার-সদৃশ ছবি তৈরি করতে সক্ষম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তৈরি করা স্টিকার ডাউনলোড করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেই ফেসবুক, ইনস্টাগ্রাম এবং অন্যান্য মেসেজিং অ্যাপে সরাসরি শেয়ার করতে পারবেন।

শুধু তাই নয়, জনপ্রিয় জিবলি এআই আর্টওয়ার্কের মতোই ব্যবহারকারীরা যেকোনো ছবি আপলোড করে সেটিকে স্টিকারে রূপান্তরিত করার জন্য এআইকে অনুরোধ জানাতে পারেন। এমনকি জিবলি স্টাইলে স্টিকার তৈরির জন্যেও এআই টুলকে নির্দিষ্ট নির্দেশ দেওয়া যেতে পারে। এই কাস্টম-মেড স্টিকারগুলি কথোপকথনকে আরও আকর্ষণীয় এবং মজাদার করে তুলবে।

তবে এই স্টিকার তৈরির পদ্ধতিটি অনেকের কাছেই নতুন হতে পারে। ধাপে ধাপে সেই প্রক্রিয়াটি দেখে নেওয়া যাক:

চ্যাটজিপিটি ব্যবহার করে কীভাবে হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করবেন:

১. প্রথমে নিজের মোবাইল ফোনে চ্যাটজিপিটি অ্যাপটি খুলুন।
২. এরপর এআই-কে একটি নির্দিষ্ট নির্দেশ দিন। উদাহরণস্বরূপ: ‘ক্রিয়েট অ্যা স্টিকার-স্টাইল ইমেজ অব অ্যা ব্লু ক্যাট ওয়ারিং অ্যা বোটাই উইথ দ্য ওয়ার্ড অ্যাম আই অ্যা র্যাট?’ (একটি বো টাই পরা নীল রঙের বিড়ালের স্টিকার তৈরি করো যার মধ্যে ‘অ্যাম আই অ্যা র্যাট?’ লেখা থাকবে)।
৩. চ্যাটজিপিটি আপনার দেওয়া টেক্সটটিকে একটি আকর্ষণীয় স্টিকারে রূপান্তরিত করবে।
৪. এবার সেই স্টিকারটি ডাউনলোড করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।

যেভাবে ছবিগুলোকে হোয়াটসঅ্যাপ স্টিকারে রূপান্তরিত করবেন:

১. প্রথমে নিজের মোবাইল ফোনে চ্যাটজিপিটি অ্যাপটি খুলুন।
২. আপনি যে ছবিটি স্টিকারে রূপান্তরিত করতে চান, সেটি আপলোড করুন।
৩. এরপর এআই-কে নির্দেশ দিন। অনেকটা এইরকম: ‘টার্ন দিজ ইমেজ ইনটু অ্যা জিবলি স্টিকার সেট’ (এই ছবিটিকে একটি জিবলি স্টিকার সেটে পরিণত করো) অথবা ‘কনভার্ট দিজ ইনটু স্টিকার স্টাইল উইথ অ্যা ট্রান্সপ্যারেন্ট ব্যাকগ্রাউন্ড’ (এই ছবিটিকে স্বচ্ছ ব্যাকগ্রাউন্ড সহ স্টিকার স্টাইলে রূপান্তরিত করো)।
৪. চ্যাটজিপিটি আপনার আপলোড করা ছবিটিকে মনের মতো স্টিকারে রূপান্তরিত করবে।
৫. যদি কোনো পরিবর্তন আনার প্রয়োজন হয়, তবে আপনি স্টিকারটিকে মডিফাইও করতে পারবেন।
৬. সবশেষে, স্টিকারটির উপর রাইট-ক্লিক করে সেটি সেভ করে নিন। চ্যাটজিপিটি ব্যবহার করে তৈরি এই স্টিকারগুলি হোয়াটসঅ্যাপ, ফেসবুক অথবা অন্য যেকোনো প্ল্যাটফর্মে শেয়ার করা সম্ভব।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপে এআই-ভিত্তিক কাস্টম স্টিকার তৈরির এই নতুন ফিচারটি ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করা যাচ্ছে। ব্যক্তিগত ভাবনার বহিঃপ্রকাশ এবং কথোপকথনকে আরও প্রাণবন্ত করে তোলার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে পারে।