Netflix-এ আসছে AI সুবিধা, মুড বুঝে সিনেমা-সিরিজের সন্ধান দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা

সিনেমা, ওয়েব সিরিজ কিংবা নাটক দেখার জন্য বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা আকাশছোঁয়া। বিশেষত নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্মগুলি দর্শকদের কাছে বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। এবার এই জনপ্রিয় প্ল্যাটফর্মে যুক্ত হতে চলেছে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সুবিধা।
অনেকেই নেটফ্লিক্সে পছন্দের কিছু খুঁজে বের করতে গিয়ে দীর্ঘ সময় ব্যয় করেন। কী দেখবেন, তা নিয়ে দ্বিধায় ভোগাটা যেন নিত্যদিনের অভ্যাস। এবার এই সমস্যার সমাধান করতে এগিয়ে এসেছে এআই। খুব শীঘ্রই নেটফ্লিক্সে এমন একটি ফিচার যুক্ত হতে চলেছে, যা ব্যবহারকারীর মুড অনুযায়ী সঠিক সিনেমা বা ওয়েব সিরিজের সন্ধান দেবে।
বর্তমানে এই প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই বিশ্বব্যাপী ব্যবহারকারীরা এই সুবিধা উপভোগ করতে পারবেন। আপাতত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কিছু ব্যবহারকারী পরীক্ষামূলকভাবে এই সুবিধা পাচ্ছেন।
এই নতুন ফিচারটি তৈরিতে চ্যাটজিপিটির মতো অত্যাধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর আগে ২০২১ সালে নেটফ্লিক্স ‘প্লে সামথিং বাটন’ চালু করেছিল। এই বাটন ব্যবহারকারীর দেখার ইতিহাস (ভিউয়িং হিস্ট্রি) বিশ্লেষণ করে পছন্দের শো বা সিনেমার সুপারিশ করত। তবে নতুন এআই-নির্ভর সার্চ প্রযুক্তি সেই কাজটিকে আরও উন্নত এবং নিখুঁত করে তুলবে।
বর্তমানে নেটফ্লিক্সে কোনো সিনেমা বা সিরিজ খুঁজতে হলে তার শিরোনাম অথবা অভিনেতা-অভিনেত্রীর নাম লিখে সার্চ করতে হয়। কিন্তু নতুন এআই সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীরা আরও নির্দিষ্টভাবে কমান্ড দিতে পারবেন এবং এআই তাদের চাহিদা অনুযায়ী আরও যথাযথ ফলাফল খুঁজে দেবে। উদাহরণস্বরূপ, ব্যবহারকারী যদি এমন কমান্ড দেন, ‘আমাকে দ্য অফিস-এর মতো ডার্ক কমেডি সিরিজ দেখাও,’ অথবা ‘প্যারিসের পটভূমিতে নির্মিত রোম্যান্টিক ছবি খুঁজে দাও,’ কিংবা ‘এমন একটা থ্রিলার সাজেস্ট করো যা শেষ হওয়ার আগে পুরোটা বোঝা যাবে না,’ তাহলে এআই সেই অনুযায়ী নিখুঁত বাছাই করে দেখাবে।
নেটফ্লিক্স জানিয়েছে, এই নতুন বাছাই প্রক্রিয়াটি আরও নিখুঁত এবং মজাদার হবে। তবে প্রাথমিকভাবে আইওএস ব্যবহারকারীদের জন্য এই অপশনটি আনার পরিকল্পনা করা হয়েছে। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার পর আমেরিকাতেও এটি চালু করা হবে এবং পরবর্তীতে অন্যান্য দেশেও এই সুবিধা উপলব্ধ হবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ‘দ্য ভার্জ’-এর সূত্র অনুযায়ী, নেটফ্লিক্সের এই নতুন এআই সুবিধা ব্যবহারকারীদের বিনোদনের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে বলে আশা করা যাচ্ছে। পছন্দের কনটেন্ট খুঁজে বের করার দীর্ঘ এবং ক্লান্তিকর প্রক্রিয়া থেকে মুক্তি মিলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।