বাঁকুড়ায় চলন্ত বাসে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্তকে গণধোলাই

বাঁকুড়ার রাইপুরে আজ বুধবার সকালে এক অষ্টম শ্রেণির ছাত্রীকে চলন্ত বাসে শ্লীলতাহানি করার অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা ও বাসের সহযাত্রীরা অভিযুক্ত যুবককে বাস থেকে নামিয়ে বেধড়ক মারধর করে। রাইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করেছে।
জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই বাঁকুড়া থেকে টাটাগামী একটি বাসে চড়ে অষ্টম শ্রেণির ওই ছাত্রী রাইপুরে টিউশন পড়তে যাচ্ছিল। অভিযোগ, বাসের সহযাত্রী এক যুবক চলন্ত বাসের মধ্যেই ওই ছাত্রীর স্তনে হাত দেয়। বাসটি রাইপুর ট্রাফিক মোড়ে পৌঁছালে কাঁদতে কাঁদতে বাস থেকে নামে ওই ছাত্রী। মেয়েকে কাঁদতে দেখে সন্দেহ হয় তার মায়ের। অন্যান্য সহযাত্রীরাও এগিয়ে এসে ছাত্রীর কাছে ঘটনার বিষয়ে জানতে চান। তখন ওই ছাত্রী তাদের কাছে পুরো ঘটনা খুলে বলে।
অভিযুক্ত যুবক বিদ্যুৎ দফতরের কর্মী বলে জানা গিয়েছে। বাসে ভিড় থাকার সুযোগ নিয়ে ওই যুবক ছাত্রীর জামার ভিতর দিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় বলে অভিযোগ। লজ্জায় কান্নায় ভেঙে পড়ে ছাত্রীটি।
ছাত্রীর চিৎকারে বাসের অন্যান্য সহযাত্রীরা বিষয়টি বুঝতে পারেন। রাইপুর এলাকায় বাসটি থামতেই উত্তেজিত যাত্রীরা অভিযুক্ত যুবককে বাস থেকে নামায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নির্যাতিতার মা। মেয়ের মুখে যুবকের অশ্লীল কাজের কথা শুনে ক্ষোভে ফেটে পড়েন তিনি এবং অন্যান্য সহযাত্রীরা। স্থানীয় বাসিন্দারাও তাদের সঙ্গে যোগ দেন। সকলে মিলে অভিযুক্ত যুবককে বাস থেকে নামিয়ে গণধোলাই দিতে শুরু করে। এমনকি, নিগৃহীতার মা জনসমক্ষে অভিযুক্তকে জুতোপেটা করেন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাইপুর থানার পুলিশ এবং অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায়। উপস্থিত যাত্রীরা গোটা ঘটনার ভিডিও তাদের স্মার্টফোনে রেকর্ড করেন, যা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তবে এই ঘটনা নিয়ে অভিযুক্তের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং অভিযুক্তের কঠোর শাস্তির দাবি উঠেছে।