দাম্পত্য কলহে অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে খুন স্বামীর, মৃত গর্ভের সন্তানও

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে দাম্পত্য কলহের চরম পরিণতিতে প্রাণ হারালেন আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। অভিযুক্ত স্বামী রাগের বশে স্ত্রীর গলা টিপে ধরলে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় ২৭ বছর বয়সী অনুষার। মায়ের সঙ্গে সঙ্গে চিরনিদ্রায় তলিয়ে যায় তাঁর গর্ভের আট মাসের সন্তানও। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, অনুষার সঙ্গে তাঁর স্বামী জ্ঞানেশ্বরের হঠাৎ করেই কথা কাটাকাটি শুরু হয়। দাম্পত্য বিবাদের এক পর্যায়ে জ্ঞানেশ্বর রাগের মাথায় আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং আচমকা স্ত্রীর গলা টিপে ধরেন। আকস্মিক এই ঘটনায় শ্বাসরুদ্ধ হয়ে জ্ঞান হারান অনুষা।

স্ত্রী জ্ঞান হারালে জ্ঞানেশ্বরের টনক নড়ে। সঙ্গে সঙ্গে তিনি অনুষাকে নিয়ে হাসপাতালে ছুটে যান। কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসকরা অনুষাকে মৃত বলে ঘোষণা করেন। উল্লেখ্য, কিছুদিন আগেই ঘটা করে অনুষার সাধের অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল এবং সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল।

পুলিশ সূত্রে খবর, স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর জ্ঞানেশ্বর নিজেই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যান। এমনকি চিকিৎসকরা অনুষাকে মৃত ঘোষণা করলে তিনি থানায় গিয়ে খুনের জন্য আত্মসমর্পণ করেন। পুলিশ জ্ঞানেশ্বরকে গ্রেফতার করেছে এবং ময়নাতদন্তের জন্য অনুষার দেহ পাঠানো হয়েছে। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, তিন বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন অনুষা ও জ্ঞানেশ্বর। জ্ঞানেশ্বর বিশাখাপত্তনমের পিএম পালেমের কাছে একটি ফাস্ট ফুডের দোকান চালান। বিয়ের পর থেকেই নাকি দুজনের মধ্যে প্রায়ই দাম্পত্য কলহ লেগে থাকত। তবে এমন মর্মান্তিক পরিণতি কেউই আশা করেননি। এই খুনের ঘটনায় পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

2