১০-১২ লাখ যুবক-যুবতীর চাকরির সুযোগ, শ্রম মন্ত্রকের সঙ্গে বড় চুক্তি Swiggy-র! জানুন বিস্তারিত

দেশের কর্মসংস্থান ক্ষেত্রে এক বড়সড় ইতিবাচক পদক্ষেপ। অন্যতম জনপ্রিয় খাবার ডেলিভারি প্ল্যাটফর্ম সুইগি এবার হাত মেলাল কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের সঙ্গে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের এই উদ্যোগের ফলে দেশে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে চলেছে।
শ্রম মন্ত্রকের সঙ্গে একটি মউ (সমঝোতা স্মারক) স্বাক্ষর করেছে সুইগি। বর্তমানে এই প্ল্যাটফর্মটি দেশের ৫০০টিরও বেশি শহরে তাদের পরিষেবা প্রদান করে। বিভিন্ন ক্ষেত্রে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে সুইগি। সরকারি তথ্য অনুযায়ী, এই প্ল্যাটফর্মে প্রায় ৫ কোটি চাকরির সুযোগ রয়েছে। এবার শ্রম মন্ত্রকের সঙ্গে এই চুক্তির ফলে কর্মসংস্থানের দিগন্ত আরও প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
সরকার কর্মসংস্থানের বাজারে চাহিদা ও সরবরাহের মধ্যে যে ঘাটতি রয়েছে, তা পূরণের লক্ষ্যে একাধিক বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে। সুইগির সঙ্গে এই চুক্তি সেই প্রচেষ্টারই অংশ।
এই মউ স্বাক্ষর অনুষ্ঠানে কেন্দ্রীয় শ্রম ও পরিবেশ মন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেন, “ন্যাশনাল কেরিয়ার সার্ভিস (এনসিএস) পোর্টাল কর্মসংস্থানের একটি নতুন ক্ষেত্র হিসেবে আত্মপ্রকাশ করছে। এই শ্রম পোর্টালে ৩১ কোটি মানুষের ডেটা রয়েছে। সুইগির সঙ্গে এই সংযুক্তিকরণ একদিকে যেমন চাকরিপ্রার্থীদের জন্য সহায়ক হবে, তেমনই এনসিএস পোর্টালের মাধ্যমে বিভিন্ন সংস্থাও তাদের প্রয়োজন অনুযায়ী যোগ্য প্রার্থী খুঁজে নিতে পারবে।”
তিনি আরও জানান, আগামী দুই থেকে তিন বছরে সুইগি প্রায় ১০ থেকে ১২ লক্ষ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। এছাড়াও, আরও বেশ কিছু বেসরকারি সংস্থা শ্রম মন্ত্রকের সঙ্গে মউ স্বাক্ষর করার অপেক্ষায় রয়েছে।
সুইগির অপারেশন ইন চার্জ সালভ শ্রীবাস্তব এই চুক্তি প্রসঙ্গে বলেন, “বিগত এক দশক ধরে সুইগি লক্ষ লক্ষ মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। এনসিএস-এর সঙ্গে এই সহযোগিতা কর্মী নিয়োগের প্রক্রিয়াকে আরও সহজ করবে এবং দেশজুড়ে কর্মসংস্থানের একটি নতুন জোয়ার আনবে বলে আমরা বিশ্বাস করি।”
সুইগি ও শ্রম মন্ত্রকের এই যৌথ উদ্যোগ দেশের বেকার যুবক-যুবতীদের জন্য এক নতুন আশার আলো দেখাচ্ছে। আগামী দিনে কর্মসংস্থানের ক্ষেত্রে এর ইতিবাচক প্রভাব কতটা সুদূরপ্রসারী হয়, সেটাই এখন দেখার।