“মানুষের সহায়তা ছাড়াই তৈরি হবে সফটওয়্যার!”-AI-সফটওয়্যার ইঞ্জিনিয়ার আনছে ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) সফটওয়্যার প্রকৌশলী এজেন্ট নিয়ে আসছে জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) সারাহ ফ্রাইয়ার সম্প্রতি এই ঘোষণা দিয়েছেন। ওপেনএআইয়ের তথ্য অনুযায়ী, এই এআই এজেন্ট মানুষের সাহায্য ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে কোড লিখে বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করতে সক্ষম হবে। শুধু তাই নয়, সফটওয়্যারের মধ্যে থাকা ত্রুটিগুলোও নিজে থেকেই শনাক্ত করে সমাধান করতে পারবে এই অত্যাধুনিক প্রযুক্তি।

সারাহ ফ্রাইয়ার জানিয়েছেন, এই নতুন এআই এজেন্টের নাম দেওয়া হয়েছে ‘এ-এসডব্লিউই’, যার পূর্ণরূপ ‘এজেন্টিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার’। এটি ওপেনএআইয়ের তৈরি তৃতীয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এজেন্ট। এর আগে প্রতিষ্ঠানটি ‘অপারেটর’ ও ‘ডিপ রিসার্চ’ নামে আরও দুটি এআই এজেন্ট বাজারে এনেছে, যা বর্তমানে কেবল চ্যাটজিপিটির প্রিমিয়াম গ্রাহকদের জন্য উপলব্ধ রয়েছে।

নিজেদের উদ্ভাবিত সফটওয়্যার প্রকৌশলী এআই এজেন্ট ‘এ-এসডব্লিউই’র কার্যকারিতা সম্পর্কে সারাহ ফ্রাইয়ার আরও জানান, এটি একজন দক্ষ সফটওয়্যার প্রকৌশলীর মতোই কাজ করবে। ব্যবহারকারী কর্তৃক কাজ বুঝিয়ে দেওয়া হলেই এই এআই এজেন্ট স্বয়ংক্রিয়ভাবে কোড লেখা, সফটওয়্যারের গুণমান নিয়ন্ত্রণ, ত্রুটি চিহ্নিতকরণ এবং প্রকল্পের সাথে সম্পর্কিত প্রয়োজনীয় নথিপত্র তৈরি করতে পারবে।

ওপেনএআইয়ের তৈরি এই এআই এজেন্টকে প্রকৃতপক্ষে একটি ‘ফোর্স মাল্টিপ্লায়ার’ বা কর্মক্ষমতা বৃদ্ধিকারী উপাদান হিসেবে বিবেচনা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এটি সফটওয়্যার প্রকৌশলীদের দলগুলোকে অনেক বেশি উৎপাদনশীল করে তুলতে সহায়ক হবে। তবে, চলতি বছরের শুরুতে ওপেনএআইয়ের চালু করা ‘ডিপ রিসার্চ’ এজেন্টকে গবেষণা সহকারীর বিকল্প হিসেবে পরিচয় করানো হলেও, এখনও পর্যন্ত এটি সম্পূর্ণরূপে সেই ভূমিকা পালন করতে সক্ষম হয়নি।

এই নতুন ‘এ-এসডব্লিউই’ এজেন্ট সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। এর মাধ্যমে কোডিং প্রক্রিয়া আরও দ্রুত এবং নির্ভুল হবে, যা সফটওয়্যার শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

সূত্র: লাইভমিন্ট