ফের কেঁপে উঠল মায়ানমার, রবিবারের ভূমিকম্পে নতুন করে আতঙ্ক

গত ২৮ মার্চের ভয়াবহ ভূমিকম্পের ক্ষত না শুকাতেই ফের শক্তিশালী ভূকম্পন অনুভূত হল মায়ানমারে। রবিবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় সকালে দেশটির মধ্যাঞ্চলের ছোট শহর মেইকিলার কাছে এই ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস)।

গত মাসের ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মায়ানমারের মান্দালয় প্রদেশ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছিল। সেই ধ্বংসলীলার ধাক্কা সামলে ওঠার আগেই ফের ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দেশটির বিভিন্ন অঞ্চল।

তবে এই নতুন ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৮ মার্চের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৪৯ জনে। এছাড়া আহত হয়েছেন ৫ হাজার ১৮ জন এবং এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ।

মায়ানমারের আবহাওয়া বিভাগ জানিয়েছে, রবিবারের ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মান্দালয় থেকে ৯৭ কিলোমিটার দূরের ওন্ডউইন এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার।

ওন্ডউইনের বাসিন্দারা আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপিকে জানিয়েছেন, কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে অনেকেই আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। এই ভূমিকম্পে কয়েকটি বাড়িঘরের সামান্য ক্ষতি হয়েছে বলেও জানা গেছে। তবে রাজধানী নেপিদো থেকে এক ব্যক্তি ফোনে এপিকে জানান, সেখানে তাঁরা কোনো কম্পন অনুভব করেননি।

দীর্ঘ পাঁচ বছর ধরে মায়ানমারে গৃহযুদ্ধ চলছে। এর মধ্যেই একের পর এক ভূমিকম্প দেশটির পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। জাতিসংঘ ইতিমধ্যেই সতর্ক করেছে যে, এই প্রাকৃতিক দুর্যোগের কারণে সেখানকার মানবিক সংকট আরও বাড়তে পারে।

জাতিসংঘের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ভূমিকম্পের কারণে মায়ানমারের খাদ্য উৎপাদন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এছাড়া, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার প্রায় সমস্ত হাসপাতাল ও ক্লিনিক ধ্বংস হয়ে যাওয়ায় সেখানে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণার পরিস্থিতি তৈরি হতে পারে।

সূত্র: এএফপি।