স্বামীর বদলে নিজের পদবী দিলেন ছেলেকে, জেনেনিন ‘গোল্লা’র ভালো নাম কী রাখলেন মানসী?

টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্ত সদ্যই দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। গত মার্চ মাসেই তাঁর কোল আলো করে এসেছে ফুটফুটে পুত্র সন্তান। এতদিন ধরে মানসী তাঁর আদরের ছেলের মিষ্টি ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেও, অনুরাগীদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল – ছেলের নাম কী রাখলেন অভিনেত্রী? সকলে তাকে আদর করে ‘গোল্লা’ নামেই ডাকত। তবে অবশেষে সেই রহস্যের অবসান ঘটালেন মানসী। শনিবার তিনি তাঁর সন্তানের ভালো নাম সকলের সামনে আনলেন।

এদিন মানসী নিজের সোশ্যাল মিডিয়া পেজে একটি মিষ্টি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, অভিনেত্রী তাঁর ছোট্ট ছেলেকে পরম মমতায় কোলে ধরে রেখেছেন। যদিও মানসী তাঁর পুত্রের পুরো মুখ প্রকাশ্যে আনেননি। এই ছবিটি পোস্ট করে ‘নিম ফুলের মধু’ খ্যাত মৌমিতা অর্থাৎ মানসী লেখেন, ‘আমি অধ্যায়ের (গোল্লা) প্রেমে পড়ে গেছি…আমার জীবনের শেষ ভালোবাসা।’ এই পোস্ট থেকেই স্পষ্ট হয় যে মানসী তাঁর ছেলের নাম রেখেছেন অধ্যায়। তবে এখানেই শেষ নয়, ছেলের নামের সঙ্গে নিজের পদবীও যোগ করবেন অভিনেত্রী। এক সংবাদমাধ্যমকে মানসী জানিয়েছেন, তিনি তাঁর ছেলেকে স্বামীর পদবী দেবেন না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মানসী জানান, তাঁর প্রথম সন্তান অর্থাৎ মেয়ের নামের সঙ্গে স্বামী অভিজিৎ ঘোষের পদবী যুক্ত রয়েছে। তাই অভিনেত্রী চেয়েছিলেন তাঁর নিজের পদবীও যেন থাকে। আর সেই কারণেই তিনি তাঁর পুত্রকে নিজের পদবী দিয়েছেন। প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে মানসী তাঁর দ্বিতীয়বার মা হওয়ার খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। তবে এই সময় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বিতর্ক তৈরি হয়েছিল। শোনা গিয়েছিল, স্বামী অভিজিৎ ঘোষের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ঘটেছে। অভিনেত্রী নিজেও এই বিষয়ে খোলামেলা কথা বলেছিলেন। তাই স্বাভাবিকভাবেই তাঁর সন্তানের বাবার পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছিল।

তবে সেই সময় মানসী স্পষ্ট করেছিলেন যে, তাঁদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন থাকলেও, মেয়ের কথা ভেবে তাঁরা আবার সব কিছু ঠিক করে নিয়েছেন। এরপরই তাঁরা দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করেন। মানসীর স্বামী অভিজিৎ ঘোষকে সাধারণত ক্যামেরার সামনে খুব একটা দেখা যায় না। ছেলের নামটি মানসী এবং তাঁর বোন রাইমা মিলেই ঠিক করেছেন বলে জানা গিয়েছে। ছোটপর্দার জনপ্রিয় খলনায়িকা হিসেবে পরিচিত মানসী সেনগুপ্ত একাধিক বাংলা সিরিয়ালে নজর কেড়েছেন। এক সময় তিনি মুম্বইতেও কাজ করতে গিয়েছিলেন, তবে পরে ফিরে এসে ফের বাংলা ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করেন। বর্তমানে মাতৃত্বকালীন বিরতিতে রয়েছেন মানসী এবং দুই সন্তানকে নিয়েই তাঁর সময় কাটছে।