“৩০ বছর ক্ষমতায় আসতে পারবে না সপা!’”-অখিলেশকে বিদ্ধ করে অমিত শাহের ভবিষ্যদ্বাণী!

আগামী বছরই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন, আর তার আগেই বড়সড় চাল চালল গেরুয়া শিবির। উত্তরপ্রদেশে ফের ভারতীয় জনতা পার্টি (BJP) ক্ষমতায় ফিরলেই রাজ্যে চালু করা হবে বহুল আলোচিত ‘ইউনিফর্ম সিভিল কোড’ বা অভিন্ন দেওয়ানি বিধি (UCC)। শুক্রবার লখনউয়ের রাম মনোহর লোহিয়া জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত দলের এক দিনের রাজ্য কার্যনির্বাহী কমিটির সভা থেকে সরাসরি এই মেগা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

একইসঙ্গে বিরোধী দল সমাজবাদী পার্টিকে (SP) তীব্র নিশানা করে স্বরাষ্ট্রমন্ত্রী বিস্ফোরক ভবিষ্যদ্বাণী করেন—আগামী তিন দশক অর্থাৎ টানা ৩০ বছর উত্তরপ্রদেশে ক্ষমতার মুখ দেখতে পারবে না অখিলেশ যাদবের দল!

নির্বাচনী রোডম্যাপ ও অভিন্ন দেওয়ানি বিধি (UCC)

আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই কড়া স্ট্র্যাটেজি তৈরি করছে বিজেপি। শুক্রবারের উচ্চপর্যায়ের বৈঠকেই বিজেপির সেই নির্বাচনী রোডম্যাপের স্পষ্ট ইঙ্গিত মেলে।

মঞ্চে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন—

“ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে সফলভাবে লাগু হয়ে গিয়েছে ইউসিসি (UCC)। উত্তরপ্রদেশে বিজেপি সরকার ফের তৃতীয়বারের জন্য ক্ষমতায় এলেই এখানেও অভিন্ন দেওয়ানি বিধি পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে।”

উল্লেখ্য, দেশজুড়ে এই ইউসিসি আইন চালু করা নিয়ে বিরোধী দলগুলোর আপত্তির শেষ নেই। তবে বিজেপির শীর্ষ নেতৃত্ব ধারাবাহিকভাবে গোটা দেশে এই বিধি চালুর পক্ষে সওয়াল করে আসছে। সম্প্রতি অসমেও এই আইন কার্যকর করা হয়েছে। বিরোধীরা সরব হলেও সুপ্রিম কোর্টের একাধিক প্রাক্তন বিচারপতি ইউসিসি লাগুর প্রয়োজনীয়তাকে সমর্থন জানিয়েছেন।

‘পরপর ৩০ বছর ক্ষমতায় আসতে পারবে না সপা!’

শুধু ইউসিসি ঘোষণাতেই ক্ষান্ত থাকেননি স্বরাষ্ট্রমন্ত্রী, সমাজবাদী পার্টি এবং তার সুপ্রিমো অখিলেশ যাদবকেও কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। অমিত শাহের দাবি, উত্তরপ্রদেশের মানুষ পর পর তিনবার বিজেপিকে নির্বাচিত করে নজির গড়বেন।

অখিলেশ যাদবকে নিশানা করে স্বরাষ্ট্রমন্ত্রী কটাক্ষের সুরে বলেন, “সমাজবাদী পার্টির যে ভূমিকা, তার জন্য জনগণ তাদের তৃতীয় প্রজন্মকেও কখনও ক্ষমা করবে না। আগামী ৩০ বছর উত্তরপ্রদেশে তাদের ক্ষমতায় আসার কোনও সুযোগ নেই।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *