OMG! সিমেন্ট বোঝাই ট্রাক্টর ধাক্কা মারল দোকানে, আহত ৫, বাদ গেল মিস্ত্রির পা

রাস্তার ধারে দোকানে বসে মুড়ি খাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন পাঁচজন। শুক্রবার, ১১ এপ্রিল সকালে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত মাধুনিয়া এলাকায় একটি সিমেন্ট বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটি চপের দোকানে ঢুকে পড়ে। এই দুর্ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন এবং তাঁদের চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কান্দি সালার রাজ্য সড়কের মাধুনিয়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে একটি দুচাকার গাড়ি ও একটি টোটোর মুখোমুখি সংঘর্ষের উপক্রম হয়। ওই দুটি গাড়িকে বাঁচাতে গিয়েই বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি চপের দোকানে ঢুকে যায়।
দুর্ভাগ্যবশত, সেই সময় দোকানে বসেই কয়েকজন মিস্ত্রি মুড়ি খাচ্ছিলেন। তাঁরা বহরমপুর থেকে মার্বেল খালাস করার জন্য কান্দিতে এসেছিলেন। ট্রাক্টরটি দোকানে ঢুকে পড়লে ওই মিস্ত্রিদের মধ্যে দুজন গুরুতরভাবে আহত হন। এছাড়াও, দুর্ঘটনাটি এড়াতে গিয়ে দুচাকার গাড়িতে থাকা আরও তিনজন আহত হন।
আহতদের মধ্যে সন্তু মণ্ডল নামে এক মিস্ত্রির পায়ের গুরুতর আঘাত লেগেছে এবং চিকিৎসকরা জানিয়েছেন তাঁর পা বাদ দিতে হয়েছে। অন্যান্য আহতরা হলেন কর্ন দাস, অনুপ কুমার ধর, অঙ্কিতা ধর এবং আরও একজন, যাদের পরিচয় এখনও জানা যায়নি। বর্তমানে সকলেই কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ। পুলিশ ট্রাক্টরটিকে আটক করেছে, তবে ট্রাক্টরের চালক পলাতক বলে জানিয়েছে। পুলিশ চালকের সন্ধান চালাচ্ছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। এই আকস্মিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছেন স্থানীয় বাসিন্দারা।