ফের ট্রেনে আগুন আতঙ্ক, বামনহাটে উত্তরবঙ্গ এক্সপ্রেসের এসি কোচে ধোঁয়া

ফের একবার ট্রেনে আগুন আতঙ্ক দেখা গেল। বৃহস্পতিবার দুপুরে বামনহাট স্টেশনে দাঁড়িয়ে থাকা উত্তরবঙ্গ এক্সপ্রেসের (Uttar Banga Express) এসি কোচে ধোঁয়া দেখতে পান এক রেলকর্মী। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গিয়েছে, দুপুর আনুমানিক ১টা বেজে ৫৫ মিনিট নাগাদ বামনহাট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা ১২৩৪৩ উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনের এসি থ্রি টায়ারের B-1 কোচ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ট্রেনের এক কর্মচারী এসি কোচটির দরজা খুলতে গেলে হঠাৎ ধোঁয়া দেখতে পান। সঙ্গে সঙ্গেই রেল আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে রেলের উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভবত স্মোক অ্যালার্মের জন্যই ধোঁয়া দেখা গিয়েছিল। রেল সূত্রে খবর, এই ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। স্টেশনে থাকা রেলকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও, দুপুর ২টো বেজে ৬ মিনিট নাগাদ উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনটি বামনহাট স্টেশন থেকে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দেয়।
কয়েকদিন আগেই ডাউন ফলকনামা এক্সপ্রেসের কাপলিং ছিঁড়ে দুটি ভাগ হয়ে যাওয়ার ঘটনার পর উত্তরবঙ্গ এক্সপ্রেসের এসি কোচে ধোঁয়া বেরোনোর ঘটনায় যাত্রীদের মধ্যে ফের উদ্বেগ দেখা দিয়েছে। রেলের যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।