কোহলির সামনে ১০০০ বাউন্ডারির হাতছানি, আজ দিল্লির বিরুদ্ধে মহারণে নামছে আরসিবি

দুরন্ত ছন্দে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)। ১৭টি মরশুমেও আইপিএলের ট্রফি অধরা থাকলেও, এবারের টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স দেখে অনেক ক্রিকেট বিশেষজ্ঞই তাদের সম্ভাব্য চ্যাম্পিয়ন বলছেন। আজ ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে আরও এক কঠিন পরীক্ষায় নামতে চলেছে আরসিবি। তাদের প্রতিপক্ষ এবারের আইপিএলের একমাত্র অপরাজিত দল দিল্লি ক্যাপিটালস। আর এই ম্যাচেই বিরাট কোহলির সামনে হাতছানি দিচ্ছে এক নতুন মাইলস্টোন।
এবারের আইপিএলে এখনও পর্যন্ত ৪টি ম্যাচে ৫৪.৬৬ গড়ে ১৬৪ রান করেছেন বিরাট কোহলি। ১৪৩.৮৫ স্ট্রাইক রেটে ব্যাট করে ইতিমধ্যেই দুটি অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি। ওপেনিংয়ে নেমে ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন ‘কিং কোহলি’।
আইপিএলের ইতিহাসে দীর্ঘ ১৮টি মরশুম ধরে খেলে বিরাট কোহলি এখনও পর্যন্ত ৯৯৮ বার বল বাউন্ডারি লাইনের বাইরে পাঠিয়েছেন। এর মধ্যে ৭২০টি চার এবং ২৭৮টি ছক্কা রয়েছে। অর্থাৎ, আর মাত্র দুটি বাউন্ডারি অথবা দুটি ছক্কা, অথবা একটি বাউন্ডারি ও একটি ছক্কা মারলেই আইপিএলের ইতিহাসে প্রথম এবং একমাত্র ব্যাটসম্যান হিসেবে ১০০০ বাউন্ডারি হাঁকানোর নজির গড়বেন এই ডানহাতি ব্যাটার।
এই তালিকায় বিরাট কোহলির ধারেকাছেও এই মুহূর্তে আর কোনো ব্যাটসম্যান নেই। দ্বিতীয় স্থানে থাকা শিখর ধাওয়ান (৯২০) এবং তৃতীয় স্থানে থাকা ডেভিড ওয়ার্নার (৮৯৯) দুজনেই বর্তমানে আইপিএল খেলছেন না। ফলে তাঁদের পক্ষে বিরাটকে টেক্কা দেওয়া কার্যত অসম্ভব। এই তালিকায় রোহিত শর্মা এখনও পর্যন্ত ৮৮৫টি বাউন্ডারি মেরেছেন।
তবে দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে কিন্তু আরসিবি অনেকটাই এগিয়ে। দিল্লির বিরুদ্ধে ৩১টি ম্যাচে মুখোমুখি হয়ে বিরাট কোহলির দল ১৯টিতে জয়লাভ করেছে। সেখানে দিল্লি জিতেছে মাত্র ১১টি ম্যাচ। একটি ম্যাচের কোনো ফলাফল হয়নি। এমনকি শেষ পাঁচটি সাক্ষাতের মধ্যে চারটি ম্যাচেই জিতেছে আরসিবি। চিন্নাস্বামী স্টেডিয়ামে ১২টি ম্যাচে দিল্লির জয়ের সংখ্যা মাত্র চারটি। অর্থাৎ, অতীত পরিসংখ্যান স্পষ্টতই আরসিবির দিকেই পাল্লা ভারী করছে। তবে অপরাজেয় দিল্লি ক্যাপিটালস সেই পরিসংখ্যান পিছনে ফেলে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে।
চিন্নাস্বামী স্টেডিয়ামের ছোট মাঠ, সুন্দর বাউন্স এবং গতি বরাবরই ব্যাটসম্যানদের স্বর্গরাজ্য। আজকের ম্যাচেও এর ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা কম। তবে দ্বিতীয় ইনিংসের শুরুতে ফাস্ট বোলাররা কয়েক ওভারের জন্য বল স্যুইং করানোর সুবিধা পেতে পারেন। সব মিলিয়ে আজ এক হাই স্কোরিং ম্যাচের প্রবল সম্ভাবনা রয়েছে। দেখার অপেক্ষা, বিরাট কোহলি নতুন রেকর্ড গড়তে পারেন কিনা এবং আরসিবি তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে পারে কিনা।