BigNews: ফের রক্তাক্ত আমেরিকা, ভার্জিনিয়ায় এলোপাথাড়ি গুলিতে নিহত ৩, আহত বহু

আমেরিকার রাস্তায় ফের চলল গুলি। উত্তর ভার্জিনিয়ার স্পটসিলভানিয়া কাউন্টিতে এলোপাথাড়ি গুলিতে অন্তত তিন জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে খবর।

স্পটসিলভানিয়া শেরিফ অফিসের মুখপাত্র মেজর এলিজাবেথ স্কট জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় স্পটসিলভানিয়া কাউন্টির একটি টাউন হাউস কমপ্লেক্সে এই গুলির ঘটনা ঘটে। এলাকাটি ওয়াশিংটন ডিসি থেকে প্রায় ১০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

পুলিশের প্রাথমিক অনুমান, একাধিক ব্যক্তি এই হামলা চালিয়েছে এবং গুলি চালানোর পর অভিযুক্তরা পালিয়ে গেছে। তাদের ধরতে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ। ঠিক কী কারণে এই হামলা চালানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এই ঘটনা ফের একবার আমেরিকার বন্দুক সংস্কৃতির ভয়াবহ দিকটি তুলে ধরল। একের পর এক বন্দুক হামলার ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্ত করছে পুলিশ।

(বিঃদ্রঃ খবরে ব্যবহৃত ছবিটি প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে)