কম্পিউটারে প্রতিটা ক্লিকের ওপর নজর রাখবে চ্যাটজিপিটি? জানুন নতুন ফিচারের আসল সত্যি

ব্যবহারকারীর কম্পিউটারের কাজের ধরন বুঝে আরও ব্যক্তিগত ও কার্যকর সহায়তা দিতে ম্যাকওএস (macOS) ডেস্কটপ অ্যাপে নতুন ‘কম্পিউটার হিস্ট্রি’ (Computer History) ফিচার চালু করেছে ওপেনএআই (OpenAI)। এই ফিচারটি ব্যবহারকারীর কম্পিউটারে সম্পন্ন বিভিন্ন কাজের একটি সময়ভিত্তিক ইতিহাস তৈরি করতে সক্ষম। তবে এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চালু হয় না, ব্যবহারকারীকে নিজ দায়িত্বে এটি এনাবল করতে হয়।
কীভাবে কাজ করে এই নতুন ফিচার?
ইয়াহুটেকের প্রতিবেদন অনুযায়ী, ওপেনএআইয়ের আগের ‘ক্রনিকল’ (Chronicle) ফিচারের পরিবর্তে এই নতুন ফিচারটি আনা হয়েছে। ক্রনিকল যেখানে স্ক্রিনশটের মাধ্যমে কাজের ইতিহাস রেকর্ড করত, সেখানে নতুন ‘কম্পিউটার হিস্ট্রি’ ফিচারটি মূলত কিবোর্ডে চাপ দেওয়া (Keystrokes) এবং মাউসের ক্লিকের মতো ইন্টারঅ্যাকশন রেকর্ড করে। তবে এটি সরাসরি কম্পিউটারের স্ক্রিন বা কোনো অডিও রেকর্ড করে না। ব্যবহারকারী চাইলে নির্দিষ্ট কোনো অ্যাপ বা ওয়েবসাইটের কার্যক্রম ইতিহাসের বাইরে রাখতে পারেন এবং যেকোনো সময় সেই ইতিহাস মুছেও ফেলতে পারেন। এছাড়া ইনকগনিটো মোডে ব্রাউজ করার সময় সংগৃহীত কোনো তথ্য এতে যুক্ত হয় না।
গোপনীয়তা নিয়ে বড় শঙ্কা ও সুরক্ষা টিপস
কম্পিউটার ব্যবহারের বিস্তারিত তথ্য জমা হওয়ায় স্বাভাবিকভাবেই এর গোপনীয়তা বা প্রাইভেসী নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ওপেনএআইয়ের নথি অনুযায়ী, এই ফিচারের কিছু ফাইল এনক্রিপ্টেড নয়। ব্যবহারকারীর ম্যাকে সাময়িকভাবে সংরক্ষিত ইন্টারঅ্যাকশনের তথ্য ৪৮ ঘণ্টা পর মুছে ফেলা হলেও, পরবর্তীতে তৈরি হওয়া সাধারণ টেক্সটভিত্তিক ফাইলগুলো একই ম্যাকওএস ব্যবহারকারীর অধীনে থাকা অন্য প্রোগ্রামও অ্যাক্সেস করতে পারে।
পাশাপাশি, ক্ষতিকর ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে ‘প্রম্পট ইনজেকশন’ বা ম্যালওয়্যারের মতো সুরক্ষাজনিত ঝুঁকিও থাকতে পারে। তাই অফিসের কম্পিউটার বা সংবেদনশীল আর্থিক ও ব্যক্তিগত তথ্য ব্যবহারের ক্ষেত্রে এই ফিচারটি অন করার সময় অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
কীভাবে চালু করবেন?
ম্যাকে চ্যাটজিপিটির ডেস্কটপ অ্যাপ ইনস্টল করার পর সেটিংস থেকে ‘ইন্টিগ্রেশনস’ (Integrations) অপশনে গিয়ে ‘কম্পিউটার হিস্ট্রি’ নির্বাচন করে এটি চালু করা যায়। এর জন্য ‘মেমোরিজ’ (Memories) ফিচারটিও চালু রাখতে হয়। বর্তমানে ম্যাকওএস ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করা হলেও খুব শীঘ্রই উইন্ডোজ সংস্করণ আনার পরিকল্পনা রয়েছে ওপেনএআইয়ের।