“বাংলায় এমনটা হবে না…”-ওয়াকফ সংশোধনী আইন নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা

কেন্দ্রীয় সরকার বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইন ২০২৫ অবিলম্বে কার্যকর করেছে। মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই আইনের ৮ই এপ্রিল থেকে কার্যকর হওয়া সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সংসদের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে বিলটি পাশ হওয়ার পর রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন। বাজেট অধিবেশনের একেবারে শেষ পর্বে দীর্ঘ আলোচনার পর এই বিলটি আইনে পরিণত হয়, যদিও বিরোধীরা এটিকে মুসলিম বিরোধী বলে সরব হয়েছেন।

এই পরিস্থিতিতে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে নবকার মহামন্ত্র দিবস উপলক্ষে জৈন সম্প্রদায়ের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা দেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘সংখ্যালঘুদের বলছি, আপনাদের ওয়াকফ নিয়ে দুঃখ হয়েছে বুঝতে পারছি। আপনারা সবাই একসঙ্গে বাঁচার কথা বলুন। কেউ কেউ রাজনৈতিক প্ররোচনা দেয়। আমি বলছি, দিদি আছে আপনাদের। দিদি আপনাদের রক্ষা করবে। আপনাদের প্রপার্টি রক্ষা করবে। কেউ উস্কানিতে পা দেবেন না।’

তিনি আরও বলেন, ‘একতার জন্য লড়াই করুন। একতার জন্য হাঁটুন। একতা রক্ষা করাই আমাদের দায়িত্ব। যারা সবাইকে ভালবাসে, তাকে সবাই ভালবাসে।’ এর আগে তৃণমূলের সর্বময়নেত্রী ওয়াকফ ইস্যু নিয়ে সরব হয়েছিলেন এবং এই বিলকে দেশভাগের চক্রান্ত বলেও উল্লেখ করেছিলেন।

উল্লেখ্য, ওয়াকফ সংশোধনী বিল নিয়ে সারা দেশে বিতর্ক সৃষ্টি হয়েছে এবং পশ্চিমবঙ্গেও এর প্রতিবাদ দেখা যাচ্ছে। মঙ্গলবার ওয়াকফ সংশোধনী প্রত্যাহারের দাবিতে রঘুনাথগঞ্জের উমরপুর এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এদিনের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘নিজে বাঁচো, সবাইকে বাঁচাও। যার যা সম্পত্তি, আমার অধিকার নেই সেই সম্পত্তি কেড়ে নেওয়ার। আমার সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকারও আপনাদের নেই।’ তার এই মন্তব্য সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা বহন করে। এখন দেখার বিষয়, কেন্দ্র সরকারের এই আইন কার্যকর হওয়ার পর রাজ্য সরকার সংখ্যালঘুদের স্বার্থ রক্ষায় কী পদক্ষেপ নেয়।