Indane, Bharat ও HP গ্যাসের গ্রাহকরা কীভাবে e-KYC করবেন? জেনেনিন সহজ পদ্ধতি

১৬ অগাস্ট প্রায় এসে গেল! নিরবচ্ছিন্নভাবে রান্নার গ্যাসের সরবরাহ ও ভর্তুকি পেতে LPG সিলিন্ডারের গ্রাহকদের জন্য জারি হয়েছে চরম সতর্কবার্তা। আগামী ১৬ অগাস্টের মধ্যে অবশ্যই আধারের ভিত্তিতে বায়োমেট্রিক অথেন্টিকেশন বা e-KYC প্রক্রিয়া সম্পূর্ণ করতেই হবে। সরকারের পক্ষ থেকে এলপিজি কানেকশনের ভেরিফিকেশন নিয়ে কড়া অবস্থান নেওয়ার পর, ইন্ডিয়ান অয়েল সহ সমস্ত তেল সংস্থা গ্রাহকদের এই নির্দেশিকা মনে করিয়ে দিচ্ছে।
রান্নার গ্যাসের কালোবাজারি রুখতে এবং পুরো ব্যবস্থায় স্বচ্ছতা আনতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতার বাইরের গ্রাহকদের জন্যও এই ই-কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে।
১৬ অগাস্টের ডেডলাইন মিস করলে কী হবে?
ইন্ডিয়ান অয়েল সাফ জানিয়ে দিয়েছে, ১৬ অগাস্ট ২০২৬-এর মধ্যে যাঁরা ই-কেওয়াইসি করাবেন না, তাঁরা যতদিন না এই ভেরিফিকেশন সম্পূর্ণ করছেন, ততদিন ডোমেস্টিক রেটে LPG সিলিন্ডার পাওয়ার যোগ্য থাকবেন না।
-
গ্যাস কি বন্ধ হয়ে যাবে? না, গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ হবে না। তবে ঘরোয়া রান্নার গ্যাস বাণিজ্যিক (Commercial) রান্নার গ্যাসের দামে কিনতে হতে পারে, যার ফলে অনেক বেশি টাকা খরচ করতে হবে।
-
দামের পার্থক্য কত? কলকাতায় ১৪.২ কেজির ঘরোয়া রান্নার গ্যাসের দাম যেখানে ৯৬৮ টাকা, সেখানে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম প্রায় ২ হাজার ৮৭২ টাকা ৫০ পয়সা। অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা না সারলে ভর্তুকিযুক্ত বা সাধারণ দামের বদলে প্রায় ৩ গুণ বেশি টাকা দিয়ে গ্যাস কিনতে হতে পারে।
বিভিন্ন কোম্পানির গ্যাস গ্রাহকরা কীভাবে ঘরে বসে e-KYC করবেন?
আপনার রান্নার গ্যাস কোন কোম্পানির, তার ওপর ভিত্তি করে মোবাইল অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই সহজে ই-কেওয়াইসি করে নেওয়া সম্ভব:
১. ইন্ডেন গ্যাস (Indane Gas):
-
IndianOil ONE App ও Aadhaar FaceRD app ব্যবহার করতে হবে।
-
অ্যাপে মোবাইল নম্বর ও ইমেল দিয়ে রেজিস্টার করার পর ১৬ ডিজিটের LPG ID (ক্যাশমেমো বা সাবস্ক্রিপশন ভাউচারে পাওয়া যাবে) অ্যাড করতে হবে।
-
‘My Profile’-এ গিয়ে ‘re-KYC’ অপশন সিলেক্ট করে সমস্ত শর্তে সম্মতি দিয়ে ‘Face Authentication’ বেছে নিন।
-
এরপর FaceRD অ্যাপের সাহায্যে মুখের ছবি স্ক্যান করে বায়োমেট্রিক যাচাই সম্পন্ন করুন। (এছাড়াও ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে বা ডেলিভারি কর্মীর মাধ্যমেও এটি করা যায়)।
২. ভারত গ্যাস (Bharat Gas):
-
Hello BPCL app ওপেন করে হোমস্ক্রিন থেকে e-KYC অপশন সিলেক্ট করুন।
-
রেজিস্টার্ড মোবাইল নম্বর দিলে একটি ওটিপি (OTP) আসবে।
-
শর্তাবলিতে সম্মতি দিয়ে খুব সহজেই আধার যাচাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন।
৩. এইচপি গ্যাস (HP Gas):
-
HP Pay app অথবা Aadhaar FaceRD app ব্যবহার করতে হবে।
-
অ্যাপে এলপিজি অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে ওটিপি ভেরিফিকেশনের পর একটি MPIN তৈরি করুন।
-
‘My HP’ বিভাগে গিয়ে LPG অপশন বেছে নিয়ে e-KYC-তে ক্লিক করুন।
-
সম্মতি দিয়ে ‘Capture Face’ অপশন সিলেক্ট করলেই Aadhaar FaceRD অ্যাপ খুলে যাবে এবং মুখের ছবি দিয়ে যাচাই প্রক্রিয়া শেষ হবে।