‘বিচ্ছেদ নিয়ে প্র্যাঙ্ক!-তারকা দম্পতির কীর্তিতে শোরগোল নেট দুনিয়ায়, অবাক নেটিজেনরা

বছর দেড়েক আগে নিজের মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে হইচই ফেলে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডে। মৃত্যুর খবর জানানোর পরক্ষণেই তিনি সুস্থ আছেন বলে জানান। এবার সেই একইরকম কাণ্ড ঘটালেন ওপার বাংলার জনপ্রিয় টিভি তারকা দম্পতি সুদীপ মুখোপাধ্যায় ও পৃথা চক্রবর্তী।

শনিবার দুপুরে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের স্ত্রী ও নৃত্যশিল্পী পৃথা চক্রবর্তী তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে তাঁদের বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন। পোস্টে পৃথা লেখেন, ‘আমরা আর একসঙ্গে নেই। সুদীপের সঙ্গে বিচ্ছেদ হয়েছে। তবে আমরা সারাজীবন বন্ধু হয়ে থাকব।’

টলিউডের পরিচিত ও মিষ্টি জুটি হিসেবে সুদীপ ও পৃথার বিচ্ছেদের খবরে স্বাভাবিকভাবেই মন খারাপ হয় তাঁদের অসংখ্য ভক্তের। বিচ্ছেদের কারণ জানার জন্য অনেকেই সুদীপ মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন। অভিনেতা জানান, তিনি এই খবরের কিছুই জানেন না এবং বর্তমানে শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।

তবে ঘটনার কয়েক ঘণ্টা পরেই নাটকীয় মোড় নেয়। অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় ফেসবুকে লাইভে এসে জানান যে পুরোটাই ছিল তাঁর স্ত্রীর একটি ‘প্র্যাঙ্ক’ বা রসিকতা। তিনি বলেন, চারিদিকে বিবাহবিচ্ছেদের খবর দেখতে দেখতে নাকি পৃথার মনে হয়েছিল তাঁদের বিচ্ছেদের খবর রটলে মানুষের প্রতিক্রিয়া কেমন হতে পারে।

সুদীপ লাইভে বলেন, ‘নাটকের মহড়ায় আছি। কাল সারাদিন শুটিংয়ে ছিলাম। এমতাবস্থায় আমার স্ত্রী পৃথা একটি প্র্যাঙ্ক ভিডিও পোস্ট করে। যেখানে সে আমাদের ডিভোর্সের কথা জানান।’

অভিনেতা আরও বলেন, ‘আমি এসবের কিছুই জানতাম না। আসলে ওর হঠাৎ মনে হয়েছে চারিদিকে এত ডিভোর্স ডিভোর্স খবর হচ্ছে যদি এরকম কোনও খবর আমাদের নিয়ে হয়, তাহলে কীহবে? ব্যাপারটা অতটা ভেবে দেখেনি, যে এটা নিয়ে সামাজিক মাধ্যমে রটনা তৈরি হবে, মিডিয়া ঝাঁপিয়ে পড়বে তা বুঝতে পারেনি!’

সুদীপ আরও যোগ করেন, ‘আমিও সারাদিন শুটিংয়ে ছিলাম, বিষয়টা জানতামই না। হঠাৎ করেই দেখলাম আমার কাছে অনেক ফোন আসছে। একটাই কথা বলার, জাস্ট এমনিই পোস্ট করেছিল সে। ইটস এ প্র্যাঙ্ক। আমরা একসঙ্গেই আছি। এ সিম্পল প্র্যাঙ্ক গন রং।’

তবে সুদীপের এই লাইভের পর নেটিজেনদের একটা বড় অংশ ক্ষোভ উগরে দিয়েছেন। সুদীপ ও পৃথাকে তাঁদের পাল্টা প্রশ্ন, ‘আপনারা তারকা? মানুষজন আপনাদের দিকে তাকিয়ে থাকে। সেখানে মজার ছলে এসব অসংবেদনশীল কাণ্ড ঘটানো কতটা জরুরি?’

অনেকেই আবার এই ঘটনায় সন্দেহ প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, ‘বিচ্ছেদ নিয়ে প্র্যাঙ্ক! প্রথম দেখলাম। সত্যিটা কোথাও গিয়ে আড়ালে চলে যাচ্ছে না তো?’

পুনম পাণ্ডের পর এবার টলিউডের এই জনপ্রিয় দম্পতির এমন ‘রসিকতা’ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং বহু মানুষ এর তীব্র সমালোচনা করছেন। তারকাদের এমন আচরণ সমাজের উপর কেমন প্রভাব ফেলে, সেই প্রশ্নও উঠছে বার বার।