‘পশ্চিমবঙ্গ দিবস’ নিয়ে বড় আয়োজন TMC-র, নির্বাচনের আগে ‘বাঙালি অস্মিতা’ স্ট্র্যাটেজি?

পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের জন্য বিস্তারিত নির্দেশিকা জারি করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে খবর, বুথ স্তর পর্যন্ত সমস্ত এলাকায় এই কর্মসূচি পালন করার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার রামনবমী উৎসব পালিত হতে চলেছে, যা ইতিমধ্যেই রাজ্য রাজনীতির উত্তাপ বাড়িয়েছে। এই আবহে, পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে উদযাপন করার প্রস্তুতি শুরু করেছে তৃণমূল। মনে করা হচ্ছে, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা এবং ‘বাংলা অস্মিতা’কে আরও জোরদার করতেই এই উদ্যোগ।

দলীয় সূত্রে জানা গিয়েছে, পয়লা বৈশাখ এবং পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে ব্যাপক আকারে ব্যানার ও হোর্ডিং লাগানোর ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার কথাও বলা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের যুব সমাজ এবং সাধারণ মানুষকে বাংলা সংস্কৃতির প্রতি আকৃষ্ট করার লক্ষ্য নিয়েছে তৃণমূল।

তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী দলের সর্বস্তরের নেতৃত্বকে পশ্চিমবঙ্গ দিবস পালনের জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। নির্দেশিকায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে কিশোর-কিশোরীদের অনুষ্ঠানে সংযুক্ত করে তাদের মধ্যে বাংলা অস্মিতার চেতনা জাগিয়ে তোলার কথা। প্রতিটি অনুষ্ঠান রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি বাংলার জল’ দিয়ে শুরু করতে এবং জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ পরিবেশনের মাধ্যমে শেষ করার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালে পয়লা বৈশাখকে সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করে রাজ্য সরকার। তবে, ২০২৪ সালে লোকসভা নির্বাচনের কারণে দলগতভাবে এই দিনটি তেমনভাবে পালন করা সম্ভব হয়নি।

অন্যদিকে, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ২০ জুন তারিখটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করে থাকে। তাদের যুক্তি, এই দিনটিতেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রচেষ্টায় পূর্ব পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করা সম্ভব হয়েছিল।

এই পরিস্থিতিতে, তৃণমূলের পক্ষ থেকে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের এই উদ্যোগ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। রামনবমীর আবহে তৃণমূলের এই কর্মসূচি রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন দেখার বিষয়, তৃণমূলের এই নির্দেশিকা কতটা কার্যকরভাবে মাঠ পর্যায়ে রূপায়ণ হয়।