হাজার হাজার টাকা আয় করেও টয়লেটে কাটছে দিন, রান্না খাওয়া ঘুম সেখানেই! ১৮-র তরুণী জীবনকাহিনী জেনেনিন

টাকার অভাব মানুষকে কত কিছুই না করতে বাধ্য করে। আর্থিক সংকট কাটাতে কেউ কেউ খরচ কমান, আবার কেউ চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন। তেমনই এক নজির গড়লেন চিনের ১৮ বছর বয়সি তরুণী ইয়াং। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে বড় অঙ্কের বাড়িভাড়া এড়াতে তিনি আশ্রয় নিয়েছেন এক অফিসের টয়লেটে! সেখানে থেকেই তিনি খান, ঘুমোন এবং জীবনযাপন করেন। অবাক করার মতো বিষয়, প্রতি মাসে মাত্র ৫৮৮ টাকা (৫ পাউন্ড) ভাড়ায় তিনি এই জায়গাটি ভাড়া নিয়েছেন।
নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ইয়াং ঝুঝু শহরের একটি আসবাবপত্রের দোকানে কাজ করেন, যেখানে তাঁর মাসিক বেতন ৩১,৭৭৬ টাকা (২,৭০০ ইউয়ান)। কিন্তু শহরের গড় বেতন ৮৮,২৬৬ টাকা (৭,৫০০ ইউয়ান) হওয়ায়, তাঁর পক্ষে জীবনযাত্রার ব্যয় সামলানো কঠিন হয়ে পড়ে। স্থানীয় বাড়িভাড়া কমপক্ষে ৯,৪১৫ টাকা (৮০০ ইউয়ান) থেকে শুরু হয়ে ২১,১৮৪ টাকা (১,৮০০ ইউয়ান) পর্যন্ত গড়ায়। এত বেশি ভাড়া দিতে না পেরে, ইয়াং তাঁর বসের সঙ্গে যোগাযোগ করেন। এরপর মাত্র ৫৮৮ টাকা প্রতি মাসে অফিসের ৬ বর্গমিটার আয়তনের একটি টয়লেট ভাড়া নিয়ে থাকতে শুরু করেন।
ইয়াং এই ছোট্ট জায়গায় নিজের জামাকাপড়, ফোল্ডিং বিছানা ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস গোছানোভাবে রেখেছেন। এখানে রান্নার জন্যও ব্যবস্থা রয়েছে। অফিস খোলা থাকাকালীন টয়লেটটি গ্রাহক ও কর্মচারীরা ব্যবহার করেন, তবে এতে ইয়াংয়ের কোনও সমস্যা হয় না। এসময় তিনি নিজের জিনিসপত্র গুছিয়ে রাখেন।
এছাড়া, ছোট্ট এই জায়গাতেই তিনি জামাকাপড় ধুয়ে ফেলেন এবং তা শুকানোর জন্য বিল্ডিংয়ের ছাদে বিছিয়ে দেন। মজার বিষয়, টয়লেটটি এতটাই পরিষ্কার রাখেন যে, সেখানে কোনও ময়লা বা দুর্গন্ধ থাকে না। সব মিলিয়ে এই জীবনযাত্রাকে বলা যেতে পারে ‘টাইনি লিভিং’।
নিজের এই অদ্ভুত জীবনযাত্রার কিছু ঝলক চিনের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ইয়াং। যা দ্রুত ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের অনেকেই তাঁর সাহসিকতা ও বুদ্ধির প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, “আমি এমন কাউকে সমালোচনা করতে পারব না, যে তার সেরাটা দেওয়ার চেষ্টা করছে। আমি মেয়েটির মঙ্গল কামনা করি।” আবার অন্য একজন মন্তব্য করেছেন, “পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া সত্যিই প্রশংসনীয়।”
ইয়াংয়ের দাবি, এইভাবে থাকতে পারায় তিনি প্রচুর টাকা সাশ্রয় করতে পারছেন। তাঁর লক্ষ্য ভবিষ্যতে একটি ভালো বাড়ি ও গাড়ি কেনা। তাই আপাতত তিনি কষ্ট করে হলেও এই জীবনযাত্রা বেছে নিয়েছেন এবং নিজের উপার্জনের বেশিরভাগ অংশ সঞ্চয় করছেন।
তবে, শুধুমাত্র চাকরির উপার্জনের ওপর নির্ভর করেন না ইয়াং। চিনের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি নিজের জীবনযাত্রার ভিডিও শেয়ার করেন। প্রতিবেদন অনুযায়ী, এখান থেকে প্রতি মাসে তিনি ৩৪,৫৭০ টাকা (৩১৭ পাউন্ড) আয় করেন। এর মধ্যে তাঁর খরচ মাত্র ৪,৫৮০ টাকা (৪২ পাউন্ড)।
অভাব ও প্রতিকূলতার মধ্যেও যে মানুষের লড়াই থেমে থাকে না, ইয়াংয়ের এই সংগ্রাম তারই প্রমাণ। ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখা এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়ার এই কাহিনি এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে।