কুম্ভমেলার সেই মোনালিসার প্রথম ছবি বিশ বাঁও জলে! ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরিচালক সনোজ

মহাকুম্ভে আকস্মিকভাবে ভাইরাল হয়েছিলেন সুন্দরী মোনালিসা। তাঁর রাতারাতি জনপ্রিয়তা এতটাই তুঙ্গে পৌঁছেছিল যে, পরিচালক সনোজ মিশ্র তাঁকে সিনেমায় কাজের প্রস্তাবও দিয়েছিলেন। তবে, সম্প্রতি সেই পরিচালকই ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের ঝাঁসির ২৮ বছর বয়সী এক তরুণী পরিচালক সনোজ মিশ্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। তরুণীর অভিযোগ, সিনেমায় কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পরিচালক একাধিকবার তাঁর সঙ্গে দেখা করেন এবং ধর্ষণ করেন।
নির্যাতিতার দাবি, ২০২০ সালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচালক সনোজের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর পরিচালক তাঁকে একটি রিসর্টে নিয়ে গিয়ে নেশা করিয়ে ধর্ষণ করেন। এখানেই শেষ নয়, শারীরিক নির্যাতনের পর ঘটনাটি যাতে প্রকাশ্যে না আসে, তার জন্য তরুণীকে নানাভাবে হুমকি ও ভয় দেখান পরিচালক। তরুণীর অভিযোগ, পরিচালক তাঁকে হুমকি দিয়েছিলেন যে মুখ খুললে তিনি আর ইন্ডাস্ট্রিতে কাজ পাবেন না।
তবে, শেষ পর্যন্ত সাহস সঞ্চয় করে নির্যাতিতা পরিচালকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হওয়ার পরই সনোজ মিশ্রকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সনোজের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ জমা পড়েছিল, কিন্তু এবার প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে।
মামলার গুরুত্ব বিবেচনা করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পরিচালককে পুলিশি হেফাজতে রাখা হবে। সম্প্রতি দিল্লি হাইকোর্টে পরিচালকের জামিনের আবেদন খারিজ করা হয়েছে। এই ঘটনা ফের একবার চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ভেতরের অন্ধকার দিক এবং কাস্টিং কাউচের মতো ঘৃণ্য প্রথার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলিকে সামনে নিয়ে এল।
প্রসঙ্গত উল্লেখ্য, মহাকুম্ভে ভাইরাল হওয়া মোনালিসাকে এই অভিযুক্ত পরিচালক সনোজ মিশ্রই ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ নামে একটি ছবিতে কাজের প্রস্তাব দিয়েছিলেন। এমনকি পরিচালক নিজে মোনালিসার বাড়িতে গিয়ে ছবির প্রস্তাব দিয়ে এসেছিলেন। বর্তমানে পরিচালকের গ্রেফতারির পর সেই ছবির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।