আইপিএলে চাই ভারসাম্যপূর্ণ পিচ, ব্যাটারদের একাধিপত্যে বিরক্ত শার্দুল ঠাকুর

আইপিএলের পিচ নিয়ে এবার সরব হলেন লখনউ সুপার জায়ান্টসের (LSG) অলরাউন্ডার শার্দুল ঠাকুর। তাঁর স্পষ্ট বক্তব্য, এমন পিচ তৈরি করা উচিত যেখানে ব্যাটারদের পাশাপাশি বোলাররাও সমান সুযোগ পান। অতিরিক্ত ব্যাটিং সহায়ক উইকেট তৈরি না করে ব্যাট ও বলের মধ্যে ভারসাম্য বজায় রাখার পক্ষেই মত দিয়েছেন এই ভারতীয় অলরাউন্ডার।
সম্প্রতি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের ম্যাচের পর শার্দুল ঠাকুর পিচ নিয়ে নিজের মতামত প্রকাশ করেন। তিনি বলেন, ‘বিসিসিআইয়ের উচিত একতরফা ম্যাচ থেকে বেরিয়ে এসে এমন পিচ তৈরি করা, যেখানে ব্যাটারদের পাশাপাশি বোলাররাও ন্যায্য সুযোগ পাবেন’।
চলতি আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচেই দেখা গেছে একের পর এক হাই-স্কোরিং লড়াই। যেখানে বোলারদের খুব একটা সুবিধা করতে দেখা যায়নি। সঠিক লাইন ও লেন্থে বল করেও পিচ থেকে তেমন সাহায্য পাচ্ছেন না তারা। এই প্রসঙ্গে শার্দুল বলেন, ‘এটা শুধু আমার ব্যক্তিগত ইচ্ছে নয়, বরং সব বোলারদেরই মনের কথা। হয়তো অনেকেই প্রকাশ্যে এসব নিয়ে কথা বলেন না, অথবা মিডিয়ার সামনে তাদের মতামত জানানোর সুযোগ পান না।’
তবে তিনি বিশেষভাবে অনুরোধ করেন, ‘পিচ যেন এমনভাবে প্রস্তুত করা হয়, যাতে খেলা ভারসাম্যপূর্ণ থাকে। ম্যাচ একতরফা হওয়া উচিত নয়, যেখানে ব্যাটাররা এসেই শুধু মারতে থাকবেন, আর আমরা বোলাররা কিছুই করতে পারব না। আমাদেরও খেলার সুযোগ দরকার’।
প্রসঙ্গত, লখনউ সুপার জায়ান্টসের হয়ে হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে বল হাতে দুরন্ত পারফর্ম করেছিলেন শার্দুল ঠাকুর। সেই ম্যাচে তিনি ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিলেন এবং তার দল ৫ উইকেটে জয়লাভ করে। এরপরই আইপিএলের পিচ এবং ব্যাট-বলের ভারসাম্যের প্রয়োজনীয়তা নিয়ে মুখ খুললেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
শার্দুল ঠাকুরের এই মন্তব্য নিঃসন্দেহে আইপিএলের পিচ প্রস্তুতকারক এবং ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার দৃষ্টি আকর্ষণ করবে। বোলারদের জন্য সহায়ক পিচ তৈরি হলে টুর্নামেন্টের উত্তেজনা আরও বাড়বে এবং দর্শক রাও উপভোগ্য ক্রিকেট ম্যাচ দেখতে পারবেন, এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।