সুশান্তের জন্য মুখ খুলে কাজ হারিয়েছেন ক্রিস্টেন ব্যারেটো, বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর গোটা বলিউড যখন নীরব দর্শকের ভূমিকা পালন করছিল, তখন কিছু অভিনেতা-অভিনেত্রী নির্ভয়ে মুখ খুলেছিলেন। সেই তালিকায় ছিলেন ছোট পর্দার পরিচিত মুখ ক্রিস্টেন ব্যারেটো। সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু হওয়ার সুবাদে তাঁর মৃত্যুতে সরব হয়েছিলেন ক্রিস্টেন। তবে এই স্পষ্টবাদীতার জন্য চরম মূল্য দিতে হয়েছে অভিনেত্রীকে, এমনটাই দাবি তাঁর।
২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যু বলিউডের অন্দরমহলের অনেক অন্ধকার দিক প্রকাশ্যে এনেছিল। বহু অভিনেতা-অভিনেত্রী নিজেদের কেরিয়ারের কথা ভেবে নীরব থাকলেও, হাতে গোনা কয়েকজন সুশান্তের হয়ে কথা বলতে এগিয়ে এসেছিলেন। ক্রিস্টেন ব্যারেটো ছিলেন তাঁদের মধ্যে অন্যতম।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে সুশান্তের মৃত্যুর পর তাঁর অভিজ্ঞতার কথা ভাগ করে নেন ক্রিস্টেন। তিনি জানান, বন্ধুর মৃত্যুর পর মুখ খোলায় বলিউড ইন্ডাস্ট্রিতে কার্যত কাজ হারতে হয়েছে তাঁকে। এমনকি, সুশান্তের মৃত্যুর কিছু সময় পর একটি চলমান কাজ থেকেও বাদ পড়েন তিনি।
পডকাস্টে ক্রিস্টেন ব্যারেটো বলেন, ‘আমাদের এই দেশে আপনি যদি একজন অভিনেতা হন, তাহলে সেক্ষেত্রে আপনার শোকপ্রকাশ করার কোনও অধিকার নেই। সবাই সেটাকে অভিনয় বলে মনে করবে। আবেগের কোনও জায়গা নেই এখানে।’
অভিনেত্রী আরও বলেন, ‘তদন্ত চলাকালীন আমার সহকর্মী এমনকি আমার বাবা-মাও এই ব্যাপারটি থেকে দূরে থাকতে বলেছিলেন। অনেকে মনে করেছিল আমি হয়তো দৃষ্টি আকর্ষণ করার জন্য কথা বলছি। তবে আমি যা করেছি মন থেকে করেছি। আমি বন্ধুর হয়ে কথা বলার জন্য সেই সময় কাজ হারিয়েছি। কিন্তু চুপ থাকতে পারিনি।’
নিজের তিক্ত অভিজ্ঞতা বর্ণনা করে ক্রিস্টেন বলেন, ‘শুধু সত্যি কথা বলার জন্য আমার একের পর এক কাজ চলে যায়। কিছু তো কারণ ছিল, যার জন্য এই মৃত্যু নিয়ে কেউ কথা বলতে চায়নি। সকলেই চালাক তাই কেউ কথা বলেনি। আমি সেই ঝুঁকি নিয়েছিলাম, কারণ আমি বোকা। সুশান্তের মৃত্যুর পর আমি শুধুই হারিয়েছি, কিছু পাইনি। তবে বন্ধুর হয়ে লড়তে পেরেছিলাম এটাই আমার শান্তি।’
প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় পাঁচ বছর পর সম্প্রতি আদালত অভিনেতার মৃত্যুকে আত্মহত্যা বলে রায় দিয়েছে। তদন্তে সেটাই উঠে এসেছে বলে জানিয়েছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। এই মামলায় সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যদেরও অব্যাহতি দেওয়া হয়েছে। তবে ক্রিস্টেন ব্যারেটোর এই বিস্ফোরক মন্তব্য ফের একবার সেই বিতর্ক উস্কে দিল কিনা, তা সময়ই বলবে।