ভিক্ষা করে জমানো শেষ সম্বলও ছাই, ডোমকলে অসহায় বৃদ্ধা ও পরিবার, সহায়তার হাত বাড়ালো পঞ্চায়েত

আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেল একটি দরিদ্র পরিবারের শেষ সম্বলটুকুও। বৃদ্ধা খতেজান বেওয়া, যিনি পাড়ায় পাড়ায় ভিক্ষা করে সামান্য কিছু অর্থ জমিয়ে রেখেছিলেন, সেই সঞ্চয়ও ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে। মাথার উপর থেকে ছাদ হারিয়ে দিশেহারা খতেজান ও তাঁর পরিবার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার ঘোড়ামারা অঞ্চলের নিশ্চিন্তপুর দাঁইড়পাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডোমকলের বাসিন্দা খতেজান বেওয়া দৈনিক ভিক্ষাবৃত্তির মাধ্যমেই কোনোরকমে সংসার চালাতেন। বহু কষ্টে তিনি কিছু টাকা বান্ডিল বেঁধে জমিয়ে রেখেছিলেন। কিন্তু হঠাৎই এক অগ্নিকাণ্ডে তাঁদের ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সেই সঞ্চিত নগদ অর্থ – সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। খতেজান বেওয়ার দাবি, আগুনের লেলিহান শিখা থেকে তাঁরা কিছুই রক্ষা করতে পারেননি। ৫০০ টাকা এবং ১০০ টাকার নোটের বান্ডিলগুলি আধপোড়া অবস্থায় পড়ে রয়েছে। চোখের সামনে নিজেদের শেষ সম্বলটুকু পুড়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েছেন বৃদ্ধা ও তাঁর পরিবারের সদস্যরা।
কান্নাজড়িত কণ্ঠে খতেজান বেওয়া জানান, ”আমি বৃ্দ্ধা মানুষ। কোনও রকমে ভিক্ষাবৃত্তি করেই সংসার চালাই। কিছু টাকা বান্ডিল বেঁধে জমিয়ে রেখেছিলাম। আগুনে সব পুড়ে গেল।”
স্থানীয় বাসিন্দারা জানান, আগুনে ভস্মীভূত হওয়া দুটি পরিবারই অত্যন্ত অসহায়। তাঁরা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করেই জীবনধারণ করেন। অসতর্কতার কারণেই সম্ভবত এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এলাকার সাধারণ মানুষ হিসেবে তাঁদের একটাই চাওয়া, যদি কোনও সরকারি সহায়তা আসে, তবে যেন এই পরিবারগুলি সেই সাহায্য থেকে বঞ্চিত না হয়।
অন্যদিকে, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ঘোড়ামারা পঞ্চায়েতের প্রতিনিধি সৌরভ হোসেন। তিনি তাৎক্ষণিকভাবে নিজের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের ঘর বানানোর কাজ শুরু করেন এবং পরিবারগুলির দায়িত্ব নেন। শুধু ঘর নির্মাণই নয়, তিনি তাঁদের হাতে খাবার, চাল, ডাল, নতুন পোশাক এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও তুলে দেন। পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য অস্থায়ী ঘর তৈরি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এই ঘটনা ফের একবার প্রমাণ করলো, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। পঞ্চায়েত প্রতিনিধির এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে।