Weather: বাংলার ৩ জেলায় তাপপ্রবাহের সতর্কতা, জেনেনিন রাজ্যে বৃষ্টির কী পূর্বাভাস?

সোমবার রাজ্যের তিনটি জেলা—পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগনায় তীব্র তাপপ্রবাহ বা লু বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে।
তীব্র গরমের এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। বেলা ১১টার পর নিতান্ত প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর কথা বলা হয়েছে। বাইরে বেরোতে হলে অবশ্যই ছাতা ব্যবহার করা, পর্যাপ্ত পরিমাণে জল পান করা এবং হালকা রঙের সুতির পোশাক পরিধান করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
তবে আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার থেকে তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, যা রাজ্যবাসীকে কিছুটা হলেও গরমের অস্বস্তি থেকে মুক্তি দেবে।
বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দফতর। আগামী ৪ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত রাজ্যের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং এলাকায় বজ্রপাতসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ওই অঞ্চলে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
তবে সাধারণভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া আগামী কয়েক দিন শুষ্ক থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা আপাতত কম। তাই তীব্র গরমের অস্বস্তি থেকে রেহাই পেতে এবং হিটস্ট্রোক এড়াতে সকলকেই সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। প্রয়োজন অনুযায়ী জল পান করা এবং হালকা পোশাক ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে।