বাড়ির মালিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় স্বামী, রহস্যজনক ভাবে উদ্ধার স্ত্রী-র পচাগলা দেহ

পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকার একটি ফ্ল্যাট থেকে পচা দুর্গন্ধ বের হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গত শুক্রবার ওই ফ্ল্যাটে পৌঁছে ৩৫ বছর বয়সী অঞ্জলি নামের এক মহিলার মৃতদেহ উদ্ধার করে। ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবন্ধ ছিল এবং পেছনের দরজার কাছে রক্তের দাগ দেখতে পায় পুলিশ। তল্লাশি চালিয়ে পুলিশ বিছানার একটি বাক্সের ভেতর কম্বলে মোড়ানো অঞ্জলির পচাগলা দেহ খুঁজে পায়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অঞ্জলি তার স্বামী আশিস কুমারকে বাড়ির মালিক বিবেকানন্দ মিশ্র (৬৪) এবং অভয় কুমার ঝা ওরফে সোনু (২৯)-এর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে অঞ্জলি পাঞ্জাবের লুধিয়ানায় তার বাবা-মায়ের বাড়িতে চলে যান। তবে গত ২১ মার্চ আশিস তাকে দিল্লিতে ফিরিয়ে আনে। পুলিশ তদন্তে আরও জানতে পেরেছে, গত ২৩ মার্চ আশিস, অভয় এবং বিবেকানন্দ পূর্ব পরিকল্পিতভাবে অঞ্জলিকে শ্বাসরোধ করে হত্যা করে এবং তার দেহ বিছানার বাক্সে লুকিয়ে রাখে।

হত্যার পর অভিযুক্ত আশিস ও অভয় বিহারে পালিয়ে যায়, তবে বিবেকানন্দ দিল্লিতেই ফিরে আসে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতেই আনন্দ বিহারের সুরজমল পার্ক এলাকা থেকে বিবেকানন্দকে গ্রেফতার করে। জেরায় বিবেকানন্দ অঞ্জলিকে হত্যার কথা স্বীকার করেছে এবং এই অপরাধে আশিস ও অভয়ের জড়িত থাকার কথাও জানিয়েছে। বর্তমানে পুলিশ পলাতক আশিস ও অভয়ের সন্ধানে জোরদার তল্লাশি চালাচ্ছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (হত্যা) এবং ২০১ (অপরাধের প্রমাণ লোপাট) ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত বিবেকানন্দকে জিজ্ঞাসাবাদ করে বাকি অভিযুক্তদের অবস্থান জানার চেষ্টা করছে পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ড এলাকায় শোকের ছায়া ফেলেছে এবং স্থানীয় বাসিন্দারা দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।