শেন ওয়ার্নের মৃত্যু রহস্যে নয়া মোড়, হোটেল ঘর থেকে সরানো হয়েছিল যৌনবর্ধক ওষুধের বোতল!

প্রায় তিন বছর আগে ক্রিকেট বিশ্বকে স্তম্ভিত করে প্রয়াত হন কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। থাইল্যান্ডের কো সামুই দ্বীপে ৫২ বছর বয়সে থেমে যায় এই স্পিন জাদুকরের বর্ণময় জীবন। ওয়ার্নের ম্যানেজমেন্ট দল প্রাথমিকভাবে জানিয়েছিল হৃদরোগের কারণেই তার মৃত্যু হয়েছে। তবে, সম্প্রতি এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে অন্য তথ্য। যদি এই প্রতিবেদনের দাবি সত্যি হয়, তবে ওয়ার্নের মৃত্যু নিয়ে রহস্য আরও ঘনীভূত হতে পারে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, থাইল্যান্ডের যে হোটেল কক্ষে অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি ক্রিকেটারের নিথর দেহ উদ্ধার করা হয়েছিল, সেই ঘরেই ‘কামাগ্রা’ নামের একটি যৌনক্ষমতা-বর্ধক ওষুধের বোতল পাওয়া গিয়েছিল। আরও বিস্ময়কর তথ্য হল, সেই বোতলটিকে নাকি দ্রুত সরিয়ে ফেলা হয়েছিল। কেন সরানো হল, সেই প্রশ্নই এখন রহস্যের জন্ম দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক থাইল্যান্ডের এক তদন্তকারী পুলিশ অফিসার এই বিষয়ে মুখ খুলেছেন বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে। তিনি জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর ছিল। তাদের নাকি উপর মহল থেকে নির্দেশ দেওয়া হয়েছিল বোতলটি সরিয়ে ফেলার জন্য। ওই পুলিশ অফিসারের মতে, সম্ভবত অস্ট্রেলিয়ার কোনো উচ্চপদস্থ কর্মকর্তা এই নির্দেশ দিয়েছিলেন। কারণ তারা চাননি তাদের দেশের কিংবদন্তির শেষ পরিণতি এমন হোক এবং তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ুক।

ওয়ার্নের মৃত্যু নিয়ে থাইল্যান্ড সরকারের পক্ষ থেকে যে আনুষ্ঠানিক রিপোর্ট প্রকাশ করা হয়েছে, সেখানে হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। অন্য কোনো কারণের কোনো উল্লেখ সেখানে নেই। কামাগ্রার কারণেই ওয়ার্নের মৃত্যু হয়েছে কিনা, তা এখনও পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক সেই তদন্তকারী অফিসার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এটি এখনও একটি স্পর্শকাতর বিষয় এবং এর নেপথ্যে বেশ কিছু অদৃশ্য শক্তিশালী হাত থাকতে পারে।

ওই পুলিশ অফিসার আরও জানান, ওয়ার্ন ওই বোতল থেকে কতটা কামাগ্রা সেবন করেছিলেন, তা তাদের জানা নেই। তারা কেবল উপর মহলের নির্দেশে সেই বোতলটি সরিয়ে দিয়েছিলেন।

শেন ওয়ার্ন আজ আর নেই। তবে তার আকস্মিক প্রয়াণ এবং এই নতুন তথ্য সামনে আসায়, ক্রিকেটপ্রেমীদের মনে তার মৃত্যু নিয়ে রহস্যের জাল আরও বিস্তার করল। কেন সরানো হয়েছিল সেই ওষুধের বোতল? সরকারি রিপোর্টে কেন আসল তথ্য গোপন করা হল? এই প্রশ্নগুলোর উত্তর আজও অধরা।