“শুধু বিজেপির নেতাদের ক্ষেত্রেই…?” -মালদার মোথাবাড়ির পথে আটকানো হল সুকান্ত মজুমদারকে

মালদার মোথাবাড়ি পরিদর্শনে রওনা হওয়া বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আজ, রবিবার পথেই আটকানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। সুকান্ত মজুমদার পুলিশের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন।

তিনি অভিযোগ করেন, মোথাবাড়িতে ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাবিনা ইয়াসমিন গাড়ি নিয়ে এলাকায় অবাধে ঘোরাফেরা করছেন। সুকান্তের মতে, এটি স্পষ্টতই আইনশৃঙ্খলার প্রতি অবজ্ঞা প্রদর্শন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “শুধু বিজেপির নেতাদের ক্ষেত্রেই পুলিশের সমস্যা দেখা দেয়। অথচ, তৃণমূলের নেতারা অবাধে ঘুরে বেড়াচ্ছেন।”

সুকান্ত মজুমদার আরও উল্লেখ করেন, বৃহস্পতিবার রাতে মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছিল, সেই সময় চারজন তৃণমূল বিধায়ক থানায় উপস্থিত ছিলেন। তিনি মনে করেন, এর মাধ্যমে পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। সুকান্ত প্রশ্ন তোলেন, “শুধু বিজেপির জন্যই কি ১৪৪ ধারা প্রযোজ্য? নাকি পশ্চিমবঙ্গে তোষণের রাজনীতির জন্যই এই ধারা তৈরি হয়েছে?”

শনিবার রাত পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মোথাবাড়ির ঘটনায় ১৯টি মামলা রুজু হয়েছে এবং ৬১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই পরিস্থিতিতে সুকান্ত মজুমদার আজ মোথাবাড়ি পরিদর্শনে যাচ্ছিলেন। যাত্রাপথে বাধা পেলে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করারও ঘোষণা করেছিলেন তিনি। সুকান্ত বলেন, “আমরা তৃণমূল কংগ্রেস নই যে গুন্ডামি করব। আমাদের দলের কর্মীরা, হিন্দু সমাজের লোকজন সবাই তৃণমূলের পুলিশের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে লড়াই করবে।”

মোথাবাড়ির সাম্প্রতিক ঘটনার জন্য পুলিশের গোয়েন্দা শাখার ব্যর্থতাকে দায়ী করেছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি এই ঘটনাকে পূর্বপরিকল্পিত বলে অভিহিত করে দাবি করেছেন যে, তৃণমূল কংগ্রেসের মালদা জেলার হিন্দু নেতারাও এই বিষয়টি স্বীকার করছেন। বর্তমানে মোথাবাড়ি এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। সুকান্ত মজুমদারের পথ আটকানোয় এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।