Recipe: দই ও ক্যাপসিকাম দিয়ে দুর্দান্ত এক রান্না, মেখে খান ভাত ও রুটির সঙ্গে, শিখুন পদ্ধতি

ক্যাপসিকাম সাধারণত বিভিন্ন রান্নার স্বাদ বৃদ্ধিতে ব্যবহার করা হয়। এর নিজস্ব গন্ধ ও স্বাদ যেকোনো রান্নাকে আরও আকর্ষণীয় করে তোলে। তবে, শুধু ক্যাপসিকামকেই মূল উপকরণ হিসেবে ব্যবহার করে তৈরি করা যায় একটি সুস্বাদু পদ—দই ক্যাপসিকাম। গরমের দুপুরে রুটি বা পরোটার সঙ্গে এই পদটি এনে দিতে পারে নতুনত্বের স্বাদ।
উপকরণ:
৩টি মাঝারি মাপের ক্যাপসিকাম
২ টেবিল চামচ টক দই
১ টেবিল চামচ সাদা তেল
১ চা-চামচ পাঁচফোড়ন
৩টি কাঁচালংকা
২ গাঁট মাপের আদার টুকরো
১ চা-চামচ কাশ্মীরি লাল লংকার গুঁড়ো
১ চা-চামচ জিরেগুঁড়ো
১/২ চা-চামচ ধনেগুঁড়ো
২ টেবিল চামচ চিনে বাদামের গুঁড়ো
স্বাদমতো নুন
সামান্য চিনি
১/২ চা-চামচ গরমমশলা গুঁড়ো
১/২ চা-চামচ কসুরি মেথি
প্রণালী:
১. প্রথমে ক্যাপসিকামগুলিকে লম্বাটে টুকরো করে কেটে নিন। খেয়াল রাখবেন, প্রতিটি টুকরো যেন অন্তত আঙুলের দু’গাট দৈর্ঘ্যের হয়।
2. আদা এবং কাঁচালঙ্কা একসঙ্গে থেঁতো করে নিন।
3. এরপর কড়াইয়ে সাদা তেল গরম করে তাতে পাঁচফোড়ন, থেঁতো করা আদা-কাঁচালঙ্কা এবং কাশ্মীরি লাল লংকার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন।
4. এবার কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলি কড়াইতে দিয়ে ভালো করে ভাজতে থাকুন। এই সময় নুন দেবেন না, কারণ নুন দিলে ক্যাপসিকাম নরম হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না।
5. ক্যাপসিকাম হালকা ভাজা ভাজা হলে তাতে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো যোগ করুন। আরও কিছুক্ষণ ভেজে নিন।
6. এরপর বাদামের গুঁড়ো এবং স্বাদমতো নুন দিয়ে ক্যাপসিকামগুলির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন।
7. আঁচ কমিয়ে কড়াইতে টক দই ঢেলে দিন। দই দেওয়ার সঙ্গে সঙ্গেই খুন্তি দিয়ে ক্যাপসিকাম এবং মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন।
8. মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সামান্য চিনি যোগ করুন।
9. কিছুক্ষণ রান্না হতে দিন। যখন দেখবেন মশলা থেকে আবারও তেল ছেড়েছে, তখন উপরে গরম মশলার গুঁড়ো এবং কসুরি মেথি ছড়িয়ে দিন।
10. আঁচ বন্ধ করে কড়াইটি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিন।
11. পাঁচ মিনিট পর গরম গরম দই ক্যাপসিকাম রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন।
এই সহজ পদ্ধতিতে তৈরি দই ক্যাপসিকাম আপনার খাবারের মেনুতে যোগ করবে এক নতুন স্বাদ।