ডাইনি অপবাদ দিয়ে শাশুড়িকে পুড়িয়ে মারার চেষ্টা পুত্রবধূর, ছেলে-বৌকে তুলে নিয়ে গেল পুলিশ

কল্পনার পর্দা ছেড়ে এবার বাস্তবেই ঘটল ভয়ংকর ঘটনা। সিনেমা বা ওয়েব সিরিজে ‘ডাইনি’ অপবাদ দিয়ে নিরীহ মহিলাদের উপর অত্যাচারের কাহিনি দেখা গেলেও, এবার সেই বিভীষিকা ধরা দিল মালদহের এক গ্রামে। ডাইনি সন্দেহে এক গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল। স্থানীয়দের তৎপরতায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই গৃহবধূর পুত্রবধূ ও তাঁর এক আত্মীয়কে আটক করেছে।

ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার ব্লকের যদুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জহরাতলা গোবিন্দপুর এলাকায়। নির্যাতিতার অভিযোগ, কয়েক বছর আগে তাঁর দুই ছেলে একের পর এক অসুস্থ হয়ে মারা যায়। এরপর থেকেই তাঁকে ‘ডাইনি’ বলে অপবাদ দেওয়া শুরু হয়। বিশেষ করে তাঁর পুত্রবধূ তাঁকে দোষারোপ করতেন বলে অভিযোগ। পারিবারিক অশান্তির মাঝেও বারবার তাঁকে ডাইনি বলে মারধর করা হতো।

শেষ পর্যন্ত, গৃহবধূর পুত্রবধূ তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করেন বলে অভিযোগ। তবে স্থানীয়রা এসে পড়ায় প্রাণে বেঁচে যান তিনি। ঘটনার পর তিনি ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নির্যাতিতার কথায়, “আমার ছেলে ও তার স্ত্রী প্রতিদিন ঝগড়া করত। আমি বোঝাতে গেলে আমার ছেলে আমাকেই মারধর করত। বলত, আমি ডাইনি! আমি সহ্য করতে পারতাম না। এবার তো আমায় পোড়ানোরও চেষ্টা করল।”

অন্যদিকে, তাঁর ছেলের দাবি, বিষয়টি একটি পারিবারিক গণ্ডগোল মাত্র।

এ বিষয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখার সভাপতি সুনীল দাস বলেন, “আমাদের জেলায় ডাইনি সন্দেহে খুন বা পুড়িয়ে মারার প্রবণতা নেই। সাধারণত এসব ঘটনা পারিবারিক কলহ বা জমিজমা সংক্রান্ত বিবাদের জেরেই ঘটে। তবে প্রয়োজনে আমরা নির্যাতিতার বাড়ি গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখব।”

যদিও প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে, তবুও এ ধরনের কুসংস্কারমূলক ও ভয়ংকর ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।