ভোটের আগে উন্নয়নকে হাতিয়ার করতে মরিয়া BJP? রাজনৈতিক মহলে শুরু জোর চর্চা!

শুধুমাত্র রাজনৈতিক প্রচার নয়, ভোটে জিততে চাই উন্নয়ন—এই বাস্তবতা বিলক্ষণ বোঝেন জনপ্রতিনিধিরা। আর তাই, আগামী বছরের নির্বাচনের আগে নিজেদের এলাকায় উন্নয়ন প্রকল্প কার্যকর করতে এবার রাজ্যের পরিবর্তে কেন্দ্রের দ্বারস্থ হচ্ছেন বিজেপি বিধায়করা। তাঁদের অভিযোগ, রাজ্য সরকার প্রশাসনিক বৈঠকে ডাকছে না, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনো সহযোগিতাও করছে না। ফলে কেন্দ্রের দ্বারস্থ হওয়া ছাড়া বিকল্প নেই, বলছে বিজেপির পরিষদীয় দল।

বিজেপি বিধায়কদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীদের সংযোগ স্থাপনের দায়িত্বে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, ইতিমধ্যেই তিনি বিজেপি বিধায়কদের পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে ই-মেলের মাধ্যমে আবেদন জানানোর জন্য। এর মাধ্যমেই বৈঠকের সুযোগ মিলবে। জানা যাচ্ছে, কয়েকজন বিধায়ক ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করে নিজেদের এলাকার উন্নয়ন সংক্রান্ত দাবি জানিয়ে এসেছেন।

ভোটের আগে উন্নয়নকে হাতিয়ার করতে মরিয়া বিজেপি?
এখন প্রশ্ন উঠছে, ভোট আসন্ন বলেই কি উন্নয়নের দাবি নিয়ে এত তৎপর বিজেপি? দলের একাংশের দাবি, কেন্দ্রের সহায়তা নিয়ে এলাকার উন্নয়ন করলে জনতার আস্থা অর্জন করা সহজ হবে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে শুধু আবেদন জানালেই যে কাজ হয়ে যাবে, এমনটা নয়। বরং এর মাধ্যমে বিজেপি বিধায়করা মানুষের কাছে বার্তা দিতে চাইছেন যে তাঁরা উন্নয়নের চেষ্টা করছেন, কিন্তু রাজ্য সরকার তাতে বাধা দিচ্ছে।

বিজেপির দাবি, একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে তৃণমূলের সন্ত্রাসের মোকাবিলায় দল ব্যস্ত ছিল। এরপর পঞ্চায়েত ভোট ও লোকসভা ভোটের প্রস্তুতিও ছিল গুরুত্বপূর্ণ। এখন সেই চাপ কিছুটা কমতেই উন্নয়ন প্রকল্পের জন্য কেন্দ্রের দরজায় কড়া নাড়ছেন বিধায়করা।

তবে এই উদ্যোগে বাস্তবে কতটা উন্নয়ন সম্ভব হবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের এই প্রয়াস কতটা সফল হবে, সেটাই দেখার বিষয়।