“এত খারাপ ইংরেজি কে বলে?”- ‘ভুল’ ইংরেজি বলায় শ্রাবন্তীকে কটাক্ষ নেটিজেনদের

সম্প্রতি অনুষ্ঠিত হল বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস, যেখানে উপস্থিত ছিলেন টলিউডের প্রথম সারির সমস্ত তারকা। গ্ল্যামারাস লুকে রেড কার্পেটে ধরা দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। কিন্তু এই অনুষ্ঠানে তাঁর দেওয়া ছোট্ট এক সাক্ষাৎকারই এখন রীতিমতো ভাইরাল। নেটিজেনদের একাংশের মতে, অভিনেত্রীর ইংরেজি নাকি দুর্বল! আর এই নিয়েই চলছে চরম ট্রোলিং।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক সাংবাদিক শ্রাবন্তীকে ইংরেজিতে বলেন, “ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলায় আপনাকে স্বাগত। আপনি খুব সুন্দর দেখাচ্ছেন। কোন মুহূর্তের জন্য আপনি সবচেয়ে বেশি অপেক্ষা করছেন?”
এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, “My friends are performing, super excited.” অর্থাৎ, ‘আমার বন্ধুরা পারফর্ম করছে, আমি খুব উচ্ছ্বসিত।’ এরপর তাঁকে আরও জিজ্ঞেস করা হয়, তিনি কি কোনও নির্দিষ্ট পারফরম্যান্সের জন্য অপেক্ষা করছেন? উত্তরে শ্রাবন্তী বলেন, তিনি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে আছেন।
এরপর সাংবাদিক আরও একটি প্রশ্ন করেন— যদি কোনও একজন অভিনেতা বা অভিনেত্রীকে সমর্থন করতে হয়, তাহলে তিনি কাকে সমর্থন করবেন? উত্তরে শ্রাবন্তী বলেন, “সবাই আমার খুব ভালো বন্ধু। তাই আমি চাই ওরা সবাই ওই ব্ল্যাক লেডিটা (পুরস্কার) নিয়ে যাক। দেখা যাক!”
ভিডিওটি ছড়িয়ে পড়তেই নানা প্রতিক্রিয়া আসতে শুরু করে। কেউ শ্রাবন্তীর উচ্চারণ নিয়ে হাসাহাসি করছেন, কেউ আবার বলছেন যে তিনি ইংরেজিতে কথা বলার সময় অস্বস্তিতে ছিলেন।
একজন কটাক্ষ করে লেখেন, “বাংলায় প্রশ্ন করলে সমস্যা কী ছিল? এত ভয় পেত না।” আরেকজনের মন্তব্য, “বাংলায় কথা বলার সময় ইংরেজি স্টাইলে বলে, আর ইংরেজিতে এলেই যেন তালগোল পাকিয়ে যায়!” তৃতীয় একজনের মতে, “রুটিং ফর-এর অর্থই বোঝেননি শ্রাবন্তী!” কেউ আবার প্রশ্ন তুলেছেন, “এত খারাপ ইংরেজি কে বলে?”
তবে সকলেই যে ট্রোল করেছেন, তা নয়। অনেকেই শ্রাবন্তীকে সমর্থন করেছেন। একজন মন্তব্য করেন, “ইংরেজি ভালো বলতে না পারাটা কোনও অপরাধ নয়। আমরা কবে এই ভাষাটাকে বোঝার মাধ্যম হিসেবে দেখব, স্ট্যাটাসের মাপকাঠি হিসেবে নয়?” আরেকজন লেখেন, “শ্রাবন্তী তো সহজ-সরল উত্তরই দিয়েছে, এত হাসাহাসির কী আছে?”
এত সমালোচনা, তর্ক-বিতর্কের মাঝেও শ্রাবন্তী কিন্তু নির্বিকার। এই প্রথম নয়, অতীতেও তাঁকে বিভিন্ন বিষয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। তবে অভিনেত্রী বরাবরই এসব নিয়ে মাথা ঘামান না। বরং তিনি ব্যস্ত তাঁর আসন্ন সিনেমা ‘দেবী চৌধুরানী’-র শুটিংয়ে।
তবে এই ঘটনায় আবারও প্রমাণিত হল, সোশ্যাল মিডিয়ায় সামান্য কিছু নিয়েই বিতর্ক তৈরি হতে পারে। শ্রাবন্তী হয়তো কিছু ভুল বলেছিলেন, কিন্তু সেটাই কি এত বড় বিষয়? আপনাদের কী মনে হয়?