“আগামী ১০ বছরের মধ্যেই পৃথিবী ধ্বংস হবে”- বড় ভবিষ্যদ্বাণী নীতীশ কুমারের

বিহারের মুখ্যমন্ত্রী কি এবার রাজনীতি ছেড়ে জ্যোতিষ চর্চায় মন দিচ্ছেন? নীতীশ কুমারের বড় ভবিষ্যদ্বাণী! তাঁর দাবি, আগামী ১০ বছরের মধ্যেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই মন্তব্যের পরই বিহার জুড়ে শুরু হয়েছে তুমুল চর্চা। বিরোধীরাও চুপ করে বসে নেই।
নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর বক্তব্য, মোবাইল ফোন ব্যবহারের কারণেই আগামী ১০ বছরের মধ্যে ধ্বংস হয়ে যাবে পৃথিবী। কিন্তু কেন হঠাৎ এমন ভবিষ্যদ্বাণী করলেন তিনি?
বিহার বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব চলাকালীন, সুদয় যাদব মোবাইল দেখে প্রশ্ন প্রস্তুত করছিলেন। এটি দেখেই আপত্তি জানান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি স্পিকারকে অনুরোধ করেন বিধানসভার ভিতরে মোবাইল ব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। তিনি কড়া সুরে বলেন, “বিধানসভায় মোবাইল নিষিদ্ধ। আমি স্পিকার মহাশয়কে অনুরোধ করছি, কেউ যদি মোবাইল নিয়ে আসে, তাহলে সেটি বাইরে ছুড়ে ফেলা হোক।”
এরপরই নীতীশ কুমার বলেন, “এখন সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। আগে এমনটা ছিল না। এতে কি কোনও ভাল হচ্ছে? কেন হচ্ছে এমন? গত ৫-৬ বছর ধরেই এই প্রবণতা বেড়েছে। মোবাইল ব্যবহারের কারণেই আগামী ১০ বছরের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে।”
নীতীশ কুমারের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন আরজেডি নেতা ও বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। তিনি কটাক্ষ করে বলেন, “বিহার বিধানসভা পেপারলেস হওয়ার পথে এগোচ্ছে, বিধায়কদের অনলাইনে প্রশ্ন করতে বলা হচ্ছে। স্বাভাবিকভাবেই মোবাইল বা ট্যাবলেট লাগবে। কিন্তু বিহারে এমন একজন মুখ্যমন্ত্রী রয়েছেন, যিনি প্রযুক্তির বিরুদ্ধে, ছাত্র, যুব সমাজ ও মহিলাদের অগ্রগতির বিরুদ্ধে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, বিহার এমন এক রক্ষণশীল মুখ্যমন্ত্রীর অধীনে রয়েছে।”