‘যখন দুর্গাপুজোয় যাই তখন প্রশ্ন করেন না, ইফতারে গেলে…’ -সমালোচকদের ধুয়ে দিলেন মমতা

সোমবার ফুরফুরা শরিফে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সফর ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়। বিরোধীদের অভিযোগ, মমতা শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে সেখানে গিয়েছেন। তবে এবার এই প্রসঙ্গে সরাসরি মুখ খুললেন মুখ্যমন্ত্রী নিজেই।
ফুরফুরায় ইফতার পার্টিতে যোগ দিয়ে মমতা বলেন,“কিছু সংবাদমাধ্যম দেখাচ্ছে, আজকের এই ইফতারের আয়োজন কি রাজনৈতিক? এটা কি ভোটের সমীকরণ? আমি কিন্তু সব উৎসবে যাই। সম্প্রীতি, ঐক্য থাকুক— এটাই চাই।”
এরপরই তিনি পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন,“আমি যখন দুর্গাপুজোয় যাই তখন তো কেউ প্রশ্ন করেন না! কালীপুজোতে গেলে কেউ প্রশ্ন করেন না! আমি খ্রিস্টানদের অনুষ্ঠানে যাই, পঞ্জাবিদের গুরুদ্বারেও যাই। তাহলে ইফতারে গেলে আপত্তি কেন?”
এদিন সম্প্রীতির বার্তা দিয়ে তিনি আরও বলেন,“বাংলার মাটি সম্প্রীতির মাটি। আমি দোলের শুভেচ্ছা জানিয়েছি, আল্লাহ সকলের মঙ্গল করুন— এই দোয়া করছি।”
ইফতার পার্টিতে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি উপস্থিত থাকবেন কি না, তা নিয়েও নানা জল্পনা ছিল। তবে শেষমেশ তাঁকে সেখানে দেখা যায়নি।
এদিন মমতা একাধিক প্রকল্পের উদ্বোধন করেন। তিনি জানান,“আমি আজ সবগুলো প্রকল্প উদ্বোধন করে দিলাম। আজ আবু বকর সিদ্দিকির মৃত্যুবার্ষিকী। পলিটেকনিক কলেজ এবং হাসপাতাল তাঁর নামেই হবে।”
রাজনৈতিক মহলে যখন জল্পনা তুঙ্গে, তখন মমতা স্পষ্ট করলেন— ইফতার হোক বা দুর্গাপুজো, তিনি সব উৎসবেই যান। তাঁর সফর সম্প্রীতির বার্তা দিতেই, রাজনীতি করতে নয়!