Free-তে দেখা যাবেনা আইপিএল, জিওহটস্টারে সাবস্ক্রিপশন বাধ্যতামূলক, জেনেনিন কত খরচ?

ক্রিকেটপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ। আইপিএল (IPL 2025) এবার থেকে আর বিনামূল্যে দেখা যাবে না। ৭০ হাজার কোটি টাকা দিয়ে হটস্টারকে জিও কিনে নেওয়ার পর থেকেই এই আশঙ্কা ঘুরপাক খাচ্ছিল। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) দেখার জন্যও গ্রাহকদের সাবস্ক্রিপশন নিতে হয়েছে। এবার সেই আশঙ্কাই সত্যি হল। সোমবার JioHotstar-এর তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, তাদের অ্যাপে IPL বিনামূল্যে দেখার সুবিধা বন্ধ হতে চলেছে।

কত টাকার সাবস্ক্রিপশন লাগবে?
জিও হটস্টারের দাবি, এবার থেকে আইপিএল দেখতে প্রতিটি গ্রাহককে ২৯৯ টাকার একটি সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে হবে। উল্লেখ্য, একসময় হটস্টার যখন ডিজনি বা জিও-র আওতায় আসেনি, তখন গ্রাহকরা বিনামূল্যেই আইপিএল উপভোগ করতে পারতেন। সেই সময়ে ‘স্টার ইন্ডিয়া’ গ্রাহকদের মধ্যে নিজেদের জনপ্রিয়তা বাড়াতে এই কৌশল গ্রহণ করেছিল। পরে ডিজনি যখন স্টার ইন্ডিয়ার থেকে হটস্টার কিনে নেয়, তখন এই অ্যাপে অন্যান্য কনটেন্টের জন্য সাবস্ক্রিপশন চালু হয়। তবে গ্রাহকদের গ্রহণযোগ্যতার কথা মাথায় রেখে ডিজনি প্লাস হটস্টার তখনও আইপিএল বিনামূল্যে দেখানোর সিদ্ধান্ত বজায় রেখেছিল।

আগেরবার ফ্রিতে দেখেছিলেন ক্রিকেটপ্রেমীরা
গত দুই বছর ধরে জিও সিনেমায় ক্রিকেটপ্রেমীরা আইপিএল বিনামূল্যে দেখার সুযোগ পেয়েছিলেন। কিন্তু এবার সেই সুবিধা শেষ। ২০২৩ সালে হটস্টার আইপিএল স্ট্রিমিং-এর জন্য সাবস্ক্রিপশন চাপানোর পর জিও সিনেমা কৌশলগতভাবে বিনামূল্যে খেলা দেখানো শুরু করে। এর ফলে আইপিএল ও অন্যান্য ম্যাচের সময় ডিজনি প্লাস হটস্টারের ব্যবসায় বিরাট ধাক্কা লাগে। সেই চাপকে কাজে লাগিয়ে চলতি বছর অম্বানি পরিচালিত জিও হটস্টারকে কিনে নেয়।

ব্যবসায়িক কৌশলে সাবস্ক্রিপশনের পথে জিও
এবার জিও ব্যবসায়িক কৌশলের অংশ হিসেবে হটস্টারকে পুরোপুরি সাবস্ক্রিপশন ভিত্তিক প্ল্যাটফর্মে রূপান্তরিত করতে চলেছে। অন্যান্য কনটেন্টের জন্য সাবস্ক্রিপশনে কিছুটা ছাড় দেওয়া হলেও, দু’বছর ফ্রি স্ট্রিমিংয়ের পর এবার আইপিএল-এর জন্য টাকা গুনতে হবে গ্রাহকদের। জানা গেছে, আইপিএল দেখতে এখন থেকে ২৯৯ টাকার রিচার্জ প্ল্যান বাধ্যতামূলক। এই সিদ্ধান্তে ক্রিকেটপ্রেমীদের মধ্যে হতাশা ছড়িয়েছে।

টিভিতে দেখা যাবে আইপিএল
অ্যাপে ফ্রি স্ট্রিমিং বন্ধ হলেও টিভিতে এখনও বিশ্বের সবচেয়ে ধনী এই ক্রিকেট লিগ দেখার সুযোগ থাকছে। তবে মোবাইল বা অনলাইনে আইপিএল উপভোগ করতে গেলে এবার থেকে পকেট থেকে টাকা খরচ করা ছাড়া গ্রাহকদের আর কোনও উপায় থাকছে না।

ক্রিকেটপ্রেমীদের এই নতুন পরিবর্তন কীভাবে মেনে নেবেন, সেটাই এখন দেখার বিষয়।