আটার দোষে টাক! দুই রাজ্যে চুল ঝরার রহস্যে আতঙ্কিত ১৮ গ্রামের পুরুষরা

গুচ্ছ গুচ্ছ চুল উঠে যাচ্ছে, রাতারাতি টাক পড়ে যাচ্ছে গ্রামের পর গ্রামে! শুধু একজন বা দুজন নয়, একসঙ্গে ১৮টি গ্রামের প্রায় ২৭৫ জন পুরুষের হঠাৎ চুল পড়ে যাওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্রের বুলধানা জেলায়।

কেন এই আকস্মিক টাক?
পুরুষদের মধ্যেই কেন এই সমস্যা হচ্ছে, তার কোনো সঠিক ব্যাখ্যা এখনও মেলেনি। চিকিৎসক থেকে বিজ্ঞানী, সকলেই দ্বিধায়। কেউ বলছেন, এটি খাদ্যদ্রব্যের প্রভাব, আবার কেউ বলছেন, পরিবেশগত কোনও সমস্যা।

গমের সঙ্গে যোগসূত্র?
বিশিষ্ট চিকিৎসক ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত হিম্মাত্রেয় বাওয়াসকার দাবি করেছেন, পঞ্জাব ও হরিয়ানার গমের অতিরিক্ত সেলেনিয়ামের কারণেই এই চুল পড়ার সমস্যা দেখা দিচ্ছে। তবে কৃষক ও কৃষি বিশেষজ্ঞরা এই দাবিকে একেবারে উড়িয়ে দিয়েছেন।

তত্ত্ব বনাম বাস্তবতা
অর্থনীতিবিদ প্রফেসর রঞ্জিৎ সিং গুমান এই দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর মতে, এটি পঞ্জাবকে কালিমালিপ্ত করার ষড়যন্ত্র মাত্র। কৃষক নেতা সর্বণ সিং পান্ধেরও পাল্টা প্রশ্ন তুলেছেন, “যদি গম সত্যিই এই সমস্যার কারণ হত, তাহলে তো পঞ্জাবের মানুষদেরই আগে টাক হয়ে যাওয়ার কথা!”

এই চুল পড়ার রহস্যের আসল কারণ খুঁজতে তদন্ত শুরু হয়েছে। তবে গম নাকি অন্য কোনও কারণ, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন!