শেয়ার বাজারে হঠাৎ ধস! সপ্তাহের শেষ দিনে বিনিয়োগকারীদের মাথায় হাত

সপ্তাহের শেষ ট্রেডিং দিনেও বড় ধাক্কা খেল শেয়ার বাজার। বাজার খুলতেই সেনসেক্সের সূচক ধপাস করে নিচে নেমে যায়। সকাল ১০:৫৭ পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, এক ধাক্কায় প্রায় ১,০০০ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। যদিও কিছুটা সামলে নিতে সক্ষম হয় সূচকটি, তবে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ থেকেই যায়।

বৃহস্পতিবার বাজার বন্ধ হয়েছিল ৭৪,৫৬৫ পয়েন্টে। শুক্রবার বাজার খুলতেই তা সরাসরি ৭৩,৬০৬ পয়েন্টে নেমে আসে। একইভাবে নিফটি ৫০-ও বেশ বড় ধাক্কা খায়, ২০০ পয়েন্টের বেশি পতন হয়।

শেয়ার বাজারের এই ধসের জেরে NSE ও BSE-তে একাধিক সংস্থার শেয়ারের দর পড়ে যায়। ইন্ডাসইন্ড ব্যাংকের শেয়ার ৬% কমে যায়, টাটা স্টিল পড়ে ৩%, এম অ্যান্ড এম ৪%, এবং এইচসিএল টেক ৩% কমে যায়। তথ্য-প্রযুক্তি সংস্থাগুলির শেয়ারেও ধস নামে, যার ফলে Nifty IT প্রায় ৪% নিচে নেমে যায়।

বিশেষজ্ঞদের মতে, এই পতনের অন্যতম কারণ হলো দেশের তৃতীয় ত্রৈমাসিকের জিডিপি রিপোর্ট, যা শুক্রবার প্রকাশ করতে চলেছে অর্থ মন্ত্রক। সেই রিপোর্টের আগে বহু বিনিয়োগকারী লগ্নি সরিয়ে নিচ্ছেন। পাশাপাশি, তথ্য-প্রযুক্তি খাতের শেয়ারগুলির ক্রমাগত পতন এবং আন্তর্জাতিক বাজারে ডলারের মূল্যবৃদ্ধির পাশাপাশি ট্রাম্পের ট্যারিফ হুঁশিয়ারির প্রভাবেও বাজারে চাপ তৈরি হয়েছে।