ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় দুর্যোগ? যা জানালো আবহাওয়া দফতর

আগামী কয়েকদিন ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিকেলের দিকে দমকা হাওয়া বইতে পারে। শীত বিদায়ের মুখে আচমকা এই বৃষ্টিতে বহু অঞ্চলে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষত, আলু চাষের জমি জলের তলায় চলে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে, যা ফসলের ক্ষতি আরও বাড়াতে পারে।

আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। তবে মঙ্গলবার থেকে আবহাওয়া শুষ্ক হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। তার আগে সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা-সহ অন্যান্য জেলাগুলিতে হাওয়ার গতি ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে, কিছু ক্ষেত্রে তা ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টাতেও পৌঁছাতে পারে।

রবিবার বৃষ্টিতে ভিজবে হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ার মতো জেলা। বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সাথে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। সোমবারও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার সকাল থেকে আবহাওয়ার উন্নতি হবে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭১-৯৫ শতাংশের মধ্যে। উত্তরবঙ্গেও রোদ-বৃষ্টির লুকোচুরি চলবে। দার্জিলিংয়ে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার মালদহ ও দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।