‘ওর মতো কেউ…’! দূরে সরে গিয়েও কেন ফের সোহেলের কাছে তিয়াসা? জবাব অভিনেত্রীর

টেলিভিশনের জনপ্রিয় জুটি তিয়াশা লেপচা ও সোহেল দত্ত। তাঁদের প্রেম নিয়ে বহু চর্চা হলেও, সম্পর্কের টানাপোড়েনও কম ছিল না। মাঝখানে বিচ্ছেদের গুঞ্জন উঠলেও, ফের একসঙ্গে দেখা যাচ্ছে তাঁদের। সোহেলের জন্মদিনের পার্টি হোক বা সরস্বতী পুজোর রঙমিলান্তি— সর্বত্রই তাঁরা একসঙ্গে।
সম্প্রতি আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিয়াশা স্বীকার করেছেন যে তাঁদের প্রেমে সমস্যা তৈরি হয়েছিল। তবে বিচ্ছেদের দায় তিনি নিজেই নিয়েছেন। অভিনেত্রীর কথায়,
“আমাদের ভুল বোঝাবুঝি এতটাই বেড়ে গিয়েছিল যে আলাদা হয়ে যাই। কিন্তু দূরে গিয়ে বুঝলাম, সোহেলের অভাব অনুভব করছি। কারণ ওর মতো কেউ আমার খেয়াল রাখে না।”
সোহেলও নাকি উপলব্ধি করেছেন যে তাঁরা একে অপরকে ছাড়া থাকতে পারবেন না।
তিয়াশা মনে করেন, তাঁর একরোখা মনোভাবই বিচ্ছেদের অন্যতম কারণ। তিনি বলেন,
“আমি সিদ্ধান্ত নিতে পারি না, মানুষ চিনতে ভুল করি। কিন্তু সোহেল পারে। ও কিছু বললে আমি শুনব, কারণ ওর বিচারবুদ্ধি আমার চেয়ে ভালো।”
তিয়াশা আরও জানান, বিচ্ছেদের সময় তিনি এমন কিছু মানুষের জন্য সোহেলের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন, যাঁরা আসলে তাঁদের ভালো চাইতেন না।
তবে কি এবার বিয়ের পরিকল্পনা?
তাঁদের প্রেম আবার নতুনভাবে গড়ে উঠলেও, তিয়াশা-সোহেল এখনই বিয়ে করতে রাজি নন। অভিনেত্রী বলেন,
“বিয়ের সিদ্ধান্ত পরিবারের ওপর ছেড়ে দিয়েছি। তবে তার আগে আমরা একসঙ্গে একটি মেগা সিরিয়ালে কাজ করতে চাই।”
তবে সোহেলের মতে, তিয়াশার এই ইচ্ছে আসলে তাঁকে নজরে রাখার কৌশল!
এর আগেও একবার বিয়ে হয়েছিল তিয়াশার। ভালোবেসে তিনি সুবানকে বিয়ে করেছিলেন এবং বিনোদন জগতে আসার ক্ষেত্রেও সুবান তাঁকে সাহায্য করেছিলেন। তবে নানা কারণে সেই সম্পর্ক ভেঙে যায় এবং তাঁদের ডিভোর্স হয়।
তিয়াশা বর্তমানে ‘রোশনাই’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন, আর সোহেল অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ সিরিয়ালে।
তিয়াশা-সোহেলের সম্পর্কের এই নতুন অধ্যায় তাঁদের ভক্তদের জন্য বেশ আনন্দের খবর। এখন দেখার, এই সম্পর্ক কতটা এগোয়, আর তাঁরা কবে বিয়ের সিদ্ধান্ত নেন!