বিয়ারের ক্যানের ওপর মহাত্মা গান্ধীর ছবি ও সই, বিতর্কের মুখে পড়তেই ক্ষমা চাইল সংস্থা

রাশিয়ার একটি বিয়ারের ক্যানের ওপর মহাত্মা গান্ধীর ছবি এবং সই দেখে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছবি ছড়িয়ে পড়ার পরই এই বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়। এর ফলে বিতর্কের মুখে পড়ে, রাশিয়ার মদ প্রস্তুতকারী সংস্থা ‘ব্রিউয়ারি রিওয়ার্ট’ এক বিবৃতির মাধ্যমে ক্ষমা চেয়েছে।
ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নন্দিনী শতপথীর নাতি, রাজনীতিবিদ সুপর্ণ শতপথী ১৩ ফেব্রুয়ারি দুটি বিয়ারের ক্যানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। ছবিতে দেখা যায়, বিয়ারের ক্যানের ওপর মহাত্মা গান্ধীর ছবি এবং সই যুক্ত ছিল। সুপর্ণ শতপথী এই ঘটনার জন্য ভারতীয় সরকারকে রাশিয়ার মদ প্রস্তুতকারী সংস্থার সঙ্গে আলোচনা করার আহ্বান জানান।
ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। নেটিজেনরা মহাত্মা গান্ধীর ছবির অপব্যবহারের তীব্র সমালোচনা করতে থাকেন। একজন মন্তব্য করেন, “এটা ভয়ানক।” আরেকজন বলেন, “জাতির জনককে অসম্মান করা কারও উচিত নয়।”
এমন পরিস্থিতিতে, রাশিয়ার ‘ব্রিউয়ারি রিওয়ার্ট’ সংস্থা একটি সংবাদমাধ্যমকে লিখিত জবাব দিয়ে জানিয়েছে, তাদের উদ্দেশ্য কখনো কাউকে আঘাত করা ছিল না। তারা ক্ষমা চেয়ে জানিয়েছে, মহাত্মা গান্ধীর প্রতি তাদের শ্রদ্ধা জানাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। সংস্থাটি আরও দাবি করেছে, ওই বিয়ারের ক্যানটি এক বছর আগের এবং তখন ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পর তারা ক্যান থেকে গান্ধীর ছবি সরিয়ে নিয়েছিল।
সংস্থাটি এও বলেছে, “ভারতের বন্ধুসুলভ মানুষের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে এবং আমরা কোনওভাবেই কাউকে অসন্তুষ্ট করতে চাইনি।”
প্রসঙ্গত, মহাত্মা গান্ধীর ছবির অপব্যবহার এই প্রথম নয়। এর আগে ২০১৯ সালে, ইজরায়েলের একটি কোম্পানি মদের বোতলে গান্ধীর ছবি ব্যবহার করেছিল, যা ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছিল।