মোদী-ট্রাম্পের প্রথম ফোনালাপ, ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে সাক্ষাৎ হতে পারে তাদের

দ্বিতীয়বার মসনদে বসার পর প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার দুই নেতার মধ্যে ফোনে দীর্ঘক্ষণ কথোপকথন হয়। প্রধানমন্ত্রী মোদী ফোন করে ট্রাম্পকে শুভেচ্ছা জানালে, উভয় নেতা আগামিদিনে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
কথোপকথনের পর ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোয়াইট হাউসে আসতে পারেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “আমাদের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়েছে। মোদী ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে আসছেন। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো।”
এর আগেও মোদী ও ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক নজর কেড়েছিল। প্রথমবার প্রেসিডেন্ট থাকার সময়, ডোনাল্ড ট্রাম্পের শেষ বিদেশ সফর ছিল ভারত। ২০১৯ সালের সেপ্টেম্বরে হাউসটনে অনুষ্ঠিত “হাউডি মোদী” ইভেন্টে ট্রাম্প ও মোদী একসঙ্গে মঞ্চ শেয়ার করেছিলেন। পরের বছর, ২০২০ সালের ফেব্রুয়ারিতে আমেদাবাদে “নমস্তে ট্রাম্প” ইভেন্টে একসঙ্গে জনসভায় অংশ নেন তাঁরা।
প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার পর নরেন্দ্র মোদী হলেন তৃতীয় রাষ্ট্রনেতা যিনি তাঁর সঙ্গে ফোনে কথা বলেছেন। প্রধানমন্ত্রী মোদী এক্স (পূর্বতন টুইটার) মাধ্যমে লেখেন, “আমার প্রিয় বন্ধুর সঙ্গে কথা বলে খুব আনন্দিত হলাম। দুই দেশ ও বিশ্বজুড়ে মানুষের উন্নয়ন ও শান্তি বজায় রাখতে আমরা হাতে হাত মিলিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
মোদী-ট্রাম্পের এই পুনর্মিলন দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে ব্যবসা, প্রতিরক্ষা, এবং কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে এই সাক্ষাৎ দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
আগামী মাসে হোয়াইট হাউসে মোদী-ট্রাম্পের সম্ভাব্য সাক্ষাৎ আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করবে, যা ভারত-মার্কিন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।